
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার শক্তি একমাত্র আমার জনগণ। আর উপরে আল্লাহ আছেন। এমন কোনো চাপ নেই যেটা আমাকে দিতে পারে। আমার বাবার আর্শীবাদের হাত আমার মাথায় ওপরে আছে। কাজেই কে কী চাপ দিল না দিল, তাতে আমার কিছু আসে যায় না।
সদ্য কাতার সফর নিয়ে সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনের শুরুতে কাতার সফর নিয়ে লিখিত বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এরপর সাংবাদিকরা প্রশ্ন শুরু করেন এবং সেসবের জবাব দেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু করার আগে কম চাপ দেয়া হয়নি। কোনো একটি দেশের অ্যাম্বাসেডর, পাররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের টেলিফোনের ওপর টেলিফোন আসতে থাকে। কারণ একজন ভদ্রলোক একটি ব্যাংকের এমডি, তাকে এমডি পদে বহাল রাখতে হবে। এমডি পদের কি যে ‘মধু’, সেটা তো আমি জানি না। আইনে আছে ৬০ বছর (চাকরির বয়স), তার হয়ে গেছে ৭০ বছর। তারপরও তাকে এমডি পদে থাকতে হবে। এমডি পদে থাকলে বিভিন্ন সুযোগ-সুবিধা নেয়া যায়, পয়সা মারা যায়। গরিবের রক্ত চুষে খাওয়া যায়।
তিনি বলেন, বিএনপি, খালেদা জিয়া ও তার ছেলেদের লুটপাটের কথা কিন্তু আমাদের না, এটি আমেরিকার এফবিআই খুঁজে বের করেছে, সিঙ্গাপুরে ধরা পড়েছে। তাদের পাচার করা ৪০ কোটি টাকা উদ্ধার করে বাংলাদেশ ফেরত এনেছে।
সরকারপ্রধান বলেন, এরা রাজনীতির কী জানে? রাজনীতির মাধ্যমে তো তাদের জন্ম না। বিএনপির জন্মই হয়েছে অস্ত্র হাতে নিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে। বিএনপির কাজই হচ্ছে লুটপাট করা।
প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে ডলার ঊর্ধ্বমুখী। বিশ্বের অন্যদেশও চাইলে একসঙ্গে অনেক বেশি ক্রয় করতে পারে না। আমরা দেশে অনাবাদি জমি কমানোর ব্যবস্থা নিচ্ছি। কোন এলাকায় কোন ধরনের ফসল হয়, সেসব এলাকায় প্রয়োজনীয় ফসল উৎপাদনে ব্যবস্থা নিচ্ছি।’
মুরগি ও ডিমের দামের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ছয় ঋতুর দেশ। কখনও দাম বাড়ে, কখনো কমে। তাই এমন পর্যায়ে রাখতে হবে যেন, যারা উৎপাদন করে তারাও ক্ষতিগ্রস্ত না হয়, আবার অতিরিক্ত দামের কারণে ক্রেতাও ক্ষতিগ্রস্ত না হয়। এটার সমন্বয় করতে হবে। কেউ মজুত করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদেরও সজাগ থাকতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সবাইকে কৃষি উৎপাদনে এগিয়ে আসতে হবে। বাসাবাড়িতে টমেটো, কাঁচা মরিচ, শাকসবজি চাষ করতে হবে। আমি নিজেও আমার বাসার ছাদে টমেটো চাষ করেছি। তা দিয়ে সকালে সালাত হিসেবে নাস্তার সঙ্গে খাই। তাই সবাইকে কৃষি কাজের প্রতি জোর দিতে হবে। সবার সহযোগিতা থাকলে দেশে ইনশা আল্লাহ খাদ্য সংকট হবে না।’
গত বুধবার (৮ মার্চ) প্রধানমন্ত্রী কাতার সফর শেষে দেশে ফেরেন। ওইদিন বিকেল সাড়ে ৩টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল-থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ কাতার সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাতার সফরকালে প্রধানমন্ত্রী এলডিসি-৫-এর উদ্বোধন অনুষ্ঠানসহ বেশ কয়েকটি ইভেন্টে যোগ দেন। ওইসব অনুষ্ঠানে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে কথা বলেন তিনি।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল-থানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কাতার থেকে এলএনজি আমদানি, প্রবাসী শ্রমিকদের ইস্যুসহ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে আলাপ করেন।
প্রধানমন্ত্রী এ সফরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট সাবা কোরোসি, কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেইখা মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেন।
