জার্মানিতে গির্জায় হামলা, নিহত অন্তত ৬

আন্তর্জাতিক ডেস্ক

জার্মানির হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম প্রাথমিক খবরে জানিয়েছে। এ ছাড়া ৭ জন আহত হয়েছেন।

হামবুর্গ পুলিশের বরাতে সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামের সড়কে অবস্থিত একটি গির্জায় স্থানীয় সময় বৃহ্স্পতিবার রাত ৯টার দিকে এ বন্দুক হামলার এ ঘটনা ঘটে। তবে হামলাকারী একজন নাকি একাধিক তা নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী।

পুলিশের এক মুখপাত্র জানায়, স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গির্জার প্রথম তলায় অনেকগুলো মৃত এবং আহত ব্যক্তিকে দেখতে পায়। এ সময় তারা আরও একটি গুলির শব্দ পেয়ে উপরের তলায় গেলে আরও একজনের মরদেহ দেখতে পায়।

উপর তলার মৃত ব্যক্তিটিই বন্দুকধারী হতে পারে বলে ধারণা করছে পুলিশ।