
মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়া হয়েছিল, কিন্তু এখন মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে ইতিবাচক সাড়া দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোহিঙ্গাদের ফেরাতে আন্তরিক না মিয়ানমার: প্রধানমন্ত্রী
কাতারে এলডিসি সম্মেলন চলাকালে আল জাজিরাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এমন অভিযোগ করেন। তিনি দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমারের ওপর বিশ্বনেতাদের চাপ বাড়ানোর তাগিদ দেন।
আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, যখন ঘটনার সূত্রপাত্র হয় তখন অনেক রোহিঙ্গা নির্যাতন, হত্যা ও ধর্ষণের শিকার হয়েছেন। আমাদের খুব খারাপ লেগেছিল। তাই আমরা সীমান্ত খুলে দিয়ে তাদের আসতে দেই। মানবিক দিক থেকে রোহিঙ্গাদের জন্য আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থা করি। একইসঙ্গে আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা শুরু করি। তাদের বলি, রোহিঙ্গারা তোমাদের দেশের নাগরিক, তাদের ফিরিয়ে নেয়া উচিত।
তবে দুর্ভাগ্যবশত মিয়ানমার ইতিবাচক সাড়া দিচ্ছে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি রোহিঙ্গাদের নিজের বাড়ি ও দেশে ফিরে যাওয়া উচিত। মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করছে আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু এটি সত্যি খুব কঠিন।
রোহিঙ্গাদের ভালো ব্যবস্থাপনায় রাখতে বাংলাদেশ সরকার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, আমরা তাদের জন্য ভাসানচরে আবাসনের ব্যবস্থা করেছি। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি খুব ভালো না। তারা এখন নিজেরা একে অপরের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
