
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সমাজের দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ।
৭ মার্চ ‘পবিত্র শবে বরাত’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি এ আহবান জানান।
মুসলমানদের জন্য মহিমান্বিত ও বরকতময় রজনী পবিত্র শবেবরাত উপলক্ষ্যে রাষ্ট্রপতি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান।
রাষ্ট্রপতি বলেন, আর কিছুদিন পরই আসছে পবিত্র রমজান মাস। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। দেখা দিয়েছে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি। এ প্রেক্ষিতে সমাজের দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য আমি বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, মাহে রমজান ও সৌভাগ্যের আগমনী বারতা নিয়ে পবিত্র লায়লাতুল বরাত আমাদের মাঝে সমাগত। উপমহাদেশে শবেবরাত প্রধানত সৌভাগ্যের রজনী হিসাবে পালিত হয়। পবিত্র এ রজনী আল্লাহ্ তা’য়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়।
