জাতীয় পাট দিবস আজ

আজ সোমবার (৬ মার্চ) জাতীয় পাট দিবস। বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ দিবসটি পালন করবে। পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে অবদানের জন্য ১১ ব্যবসায়ী, বিজ্ঞানী, চাষি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এ ছাড়াও পাটসংশ্লিষ্ট অংশীজনদের সাতটি শুভেচ্ছা স্মারক দেওয়া হবে।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী রোরবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, ‘সোনালি আঁশ পাটের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে আছে। শুধু তাই নয়, বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস। এবারের জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে পাট শিল্পের অবদান-স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণ।’

পাটমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটজাত পণ্যকে বর্ষপণ্য-২০২৩ এবং সোনালি আঁশ পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করেছেন। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করতে, পাটপণ্যকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রমও শুরু করেছে।’