বিএসএমএমইউ’তে ভর্তি খাদ্যমন্ত্রী

কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পিত্তথলিতে প্রদাহ জনিত সমস্য দেখা দেয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়েছে খাদ্যমন্ত্রীকে।

বিষয়টি নিশ্চিত করে খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, খাদ্যমন্ত্রীর শারীরিক খুব জটিলতা নেই। তবে ডাক্তারের পরামর্শে আরও উন্নত চিকিৎসার জন্য রবিবার (৫ মার্চ) সকাল দশটা চল্লিশ মিনিটের দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

খাদ্যমন্ত্রীর জনসংযোগ বিষয়ক কর্মকর্তা জানান, গত ১ মার্চ মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা সাপাহার পোরশা ও নিয়ামতপুরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নওগাঁয় যান তিনি। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন মন্ত্রী। গত বৃহস্পতিবার দুপুরের দিকে পোরশা উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন চলাকালী শারীরিক অসুস্থতা বোধ করেন। পরে চিকিৎসকের পরামর্শে শারীরিক পরীক্ষা করা হয়। যাতে পিত্তথলি প্রদাহ পাওয়া যায়।

তিনি আরও জানান, তাকে আজ ঢাকায় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসা দেয়া হবে। মন্ত্রী কথাবার্তা স্বাভাবিক বলছেন। সকলের কাছে তার সুস্থতায় দোয়া চেয়েছেন তিনি।

৬ মার্চ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় যোগ দেয়ার কথা ছিল খাদ্যমন্ত্রীর। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের।