
আধিপত্য বিস্তার নিয়ে রাজধানীর ধানমন্ডিতে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ মার্চ) এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে মারামারি হয়। বিষয়টি নিয়ে উত্তেজনার মধ্যে দুপুরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের কলেজের বিজয়-৭১ নামে একটি বাস ভাঙচুর করে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে কলেজটির কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ করতে থাকে এবং আইডিয়াল কলেজের ব্যানার ছিড়ে ফেলে।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিকেল পৌনে তিনটার দিকে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ক্যাম্পাসে ফিরে গেছে শিক্ষার্থীরা। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে যানচলাচল স্বাভাবিক।
