বিমা খাত ডিজিটালের আওতায় আনা হচ্ছে: প্রধানমন্ত্রী

বিমা খাতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিমার সুফল সম্পর্কে মানুষকে আরও জানাতে হবে। যেন মানুষ উদ্বুদ্ধ হয়। বিমার জন্য প্রয়োজনে এজেন্ট নিয়োগ করতে হবে। এতে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।

বুধবার (১ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিমা দিবসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় বিমা দিবস-২০২৩।

প্রধানমন্ত্রী বলেন, ‘বীমা সেক্টরের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এই খাতও ডিজিটালের আওতায় আনা হচ্ছে। আমি মনে করি, অনেক ক্ষেত্রে ডিজিটাল করায় বিমা কোম্পানিগুলো লাভবান হচ্ছে। ’

ক্ষতির পরিমাণ যথাযথভাবে তদন্ত না করে মোটা অঙ্কের বিমা দাবি নিষ্পত্তি না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রী- এমপি বা বড় আমলা কারও চাপের কাছে মাথা নত না করে প্রকৃত ক্ষতি নিরূপণ করে বিমা দাবি নিষ্পত্তির নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানিরা বাঙালিদের বিজয় মানবে না, এটা জাতির জনক বঙ্গবন্ধু আগেই বুঝেছিলেন, তাই আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সংগ্রামের প্রস্তুতিও নিয়েছিলেন। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন।

সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্সুরেন্স কোম্পানিতে বসেই ছয় দফার খসড়া তৈরি করেছিলেন। তাই বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বিমা শিল্পের গভীর সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, ৭৫ এর পর যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা সন্ত্রাস, জঙ্গিবাদ ও বোমা হামলাসহ নানান অপকর্ম করে দেশকে পিছিয়ে দিলেও ২১ বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছে।

মোটা অঙ্কের বিমা দাবি নিষ্পত্তিতে আরও সতর্ক হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি অনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করারও নির্দেশ দেন।

বিমা ছাড়া সড়কের কোনো পরিবহন যেন না চলে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থার্ড পার্টি বিমা বন্ধ করার পরও তা কীভাবে চলছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন শেখ হাসিনা।