
দেশবাংলা ডেস্ক :
গৃহকর্মীদের অধিকার বাস্তবায়নে গৃহকর্মীদেরকেই সংগঠিত হতে হবে, সচেতন হতে হবে। কর্মীদের মজুরি বৃদ্ধি, সাপ্তাহিক ছুটির ব্যবস্থা, মাতৃত্বকল্যাণ সুবিধা প্রাপ্তি, পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করতে হবে। অন্যথায় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়ন সম্ভব হবে না। গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় একথা বলেন বক্তারা।
আজ বুধবার (১ মার্চ) সকাল ১১ টায় রাজধানীর মালিবাগের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ডেমক্রেসিওয়াচের উদ্যোগে Oxfam in Bangladesh এর অর্থায়নে “Promoting Human Rights and Inclusion (ProHuRI)” প্রকল্পের বিভিন্ন স্টকহোল্ডারদের সাথে ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়। ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্রর সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।
ডেমক্রেসিওয়াচ প্রহরী প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রেফায়েত আরা বলেন, “আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের কাজ করা। গৃহের মালিকের দায়িত্ব হচ্ছে, যে চুক্তিতে মালিক আমাকে নিয়োগ করেছে তা মালিক কর্তৃক পালন করা। গৃহকর্মীর গায়ে হাত তোলা, গায়ে হাত দেওয়ার অধিকার কারও নেই। এ ব্যাপারে সকল গৃহকর্মীকেই সচেতন থাকতে হবে।”

১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র বলেন, “নারী ও পুরুষ গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ প্রণয়ন করা হয়েছে। সকলের সহযোগিতা থাকলে গৃহকর্মীদের অধিকার বাস্তবায়নসহ তাদের জীবনমান উন্নয়ন করা সম্ভব।”
তিনি আরও বলেন, “গৃহকর্মীদের বঞ্চণা, শোষণ, নির্যাতন প্রতিরোধে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। গৃহকর্মীরা দেশের নাগরিক। কাজের ফাঁকে তাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা সকলের দায়িত্ব।”
গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র, আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি।
