
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক এবং পুলিশের এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমান শেখ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের বিদ্যমান দুটি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) পদের বিপরীতে গ্রেড-১-এর দুটি সুপারনিউমারারি পদে দুই কর্মকর্তাকে পদায়ন করা হলো। পদায়নকৃতরা হলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এবং র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক গত বছরের ২৯ অক্টোবর ৩৫তম কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দায়িত্বভার গ্রহণ করেন। এম খুরশীদ হোসেন গত বছরের ৩০ সেপ্টেম্বর র্যাবের নবম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
