
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অবিশ্বাস্যভাবে টস হেরে ব্যাটিংয়ে নেমে একটি দল অলআউট হয়ে গেছে মাত্র ১০ রানে! টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই এটা কোনো দলের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) স্পেনের বিপক্ষে সিরিজের ষষ্ঠ ও শেষ টি-টোয়েন্টিতে ভুলে যাওয়ার মতো এ রেকর্ডটি গড়েছে আইল অব ম্যান। স্বীকৃত টি-টোয়েন্টি এত দিন সবচেয়ে কম রানের দলীয় ইনিংসটি ছিল সিডনি থান্ডারের। গত বছর বিগ ব্যাশে তারা ১৫ রানে অলআউট হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। আর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল তুরস্কের। ২০১৯ সালে রোমানিয়া কাপে চেক প্রজাতন্ত্রের কাছে ২১ রানে অলআউট হয়েছিল তারা।
১০ রান করার জন্য অবশ্য ৮.৪ ওভার খেলেছে দলটি। আইল অব ম্যানকে এত অল্প রানে আটকে দিতে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়েছেন স্পেনের মোহাম্মদ কামরান। ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ৪টি। আর ৪ ওভার বল করে ৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন স্পেনের আরেক বোলার আতিফ মেহমুদও। ৪ বল করে কোনো রান না দিয়ে ২ উইকেট লর্ন বার্নসের।
অন্যদিকে, রান তাড়া করতে নেমে জয়ের বন্দরে পৌঁছাতে একদমই সময় নেয়নি স্পেন। ০.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় তারা। ওপেনার আওয়াইস দুটি ছয়ে করেছেন ১২ রান।
