
দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে নবাবগঞ্জের পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
মির্জা ফখরুল, এই নির্বাচন (জাতীয় নির্বাচন) তারা (সরকার) আবার আগের মতো করতে চায়। আবার আগের মতো ভোট লুট করে নিয়ে যাবে, চুরি করে নিয়ে যাবে। আমরা কি সেই নির্বাচন করতে দেবো? আমরা কি রুখে দাঁড়াবো না?
তিনি বলেন, আমরা অবশ্যই রুখে দাঁড়াবো। আমাদের অস্তিত্ব ও অধিকার রক্ষা এবং দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে আমাদের রুখে দাঁড়াতে হবে। এ অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা বারবার মার খাচ্ছি। এবার আর মার খেতে রাজি নই।
বিএনপি মহাসচিব বলেন, সরকার যদি নিরপেক্ষ থাকতো আপনার ভোট আপনি দিতে পারতেন। যাকে খুশি তাকে দিতে পারতেন। এখন কী সেটা হয়। হয় না। এখন ওদের (আওয়ামী লীগ সরকার) কথা হচ্ছে, ‘আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো’।
‘এজন্য এখন মানুষ বলতে শুরু করেছে আগে যদি জানতাম তোর ভাঙা নৌকায় উঠতাম না। এই নৌকা মানুষ নেবে না। কারণ, এই নৌকা নিয়ে আওয়ামী লীগ এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। চুরির শেষ নাই… এবং কাজ না করে টাকা নিয়ে চলে যায়। আর ১০ টাকার জিনিস ১০০ টাকা বিল করে নিয়ে চলে যায়’- বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, পদ্মা সেতু করেছে খুব ভালো। কিন্তু পদ্মা সেতুর ১০ হাজার কোটি টাকার জায়গায় ৩০ হাজার কোটি টাকা খরচ করেছে। এখন পাতাল রেলে দেখা যাবে কী করে। দেশে উন্নয়নের নদী বয়ে যাচ্ছে। কিন্তু এই উন্নয়নে সাধারণ মানুষের উপকার হচ্ছে না। আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এলে দেশের কোনো অস্তিত্ব থাকবে না। জাতির কোনো অস্তিত্ব থাকবে না।
ক্ষমতাসীনদের ব্যাপক দুর্নীতির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এরা ফুলে ফুলে সব কলাগাছ হয়ে গেছে। যার পায়ে স্যান্ডেল ছিলো সে এখন বিরাট গাড়ি চালায় এবং বড় বড় বাড়ি তৈরি করেছে। এসব সব আওয়ামী লীগের লোক। এদেশের মানুষের রক্ত চুষে, ট্যাক্স চুরি করে সম্পদের পাহাড় গড়ছে এরা।
তিনি বলেন, আর বক্তব্য নয়। এখন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদের মধ্য দিয়ে সোচ্চার হয়ে সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা ১০ দফা দিয়েছি- অবিলম্বে পদত্যাগ করুন, সংসদ ভেঙে দিন এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। সেই তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে, যে কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে, যেখানে জনগণ ভোট দেবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলেও আপত্তি নেই। কিন্তু জনগণের ভোটে আসতে হবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা এই সংগ্রাম শুরু করেছি দেশকে রক্ষা করবার জন্য, দেশের মানুষকে রক্ষা করবার জন্য। তাই আসুন বিশেষ করে তরুণ-যুব সমাজকে আহ্বান জানাবো, এগিয়ে আসুন। পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে, পরিবর্তন করতে হবে।
নবাবগঞ্জ শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর আড়াইটায় পদযাত্রা শুরু হয়। দুই কিলোমিটার পথ অতিক্রম করে তা শেষ হয় বক্সবাজার মোড়ে এসে।
সমাবেশে ঢাকা জেলার আহ্বায়ক খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর সঞ্চলনায় বিএনপি নেতাদের মধ্যে শিরিন সুলতানা, দেওয়ান মো. সালাহউদ্দিন, তমিজ উদ্দিন ও নাজিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
পদযাত্রায় মির্জা ফখরুল ছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মিডিয়া সেলের শায়রুল কবির খান, স্থানীয় নেতা রাশেদুল ইসলাম ও ইয়াসিন ফেরদৌসসহ জেলার বিভিন্ন ওয়ার্ড ও যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
