
আজ ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে বাংলা ভাষার জন্য রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। সেই ভাষা শহীদদের আজ বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে বাঙালি জাতি।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের সকল শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এদিকে ঢাকায় বসেছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে বইমেলা পরিণত হয়েছে জনসমুদ্রে।
মঙ্গলবার সকাল থেকেই বইমেলামুখী জনতার ঢল ছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। অনেকেই শোক দিবস উপলক্ষে কালো রঙের পোশাক পরে এসেছেন। মেলায় ঘুরে ঘুরে দেখছেন বই, কিনছেনও। অনেককেই দেখা যায় সপরিবারে মেলায় আসতে।
প্রতিবারের মতো এবারও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা বসেছে। সরেজমিনে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানে মেলায় ঢুকতে রয়েছে তিনটি ফটক। প্রতি ফটক দিয়ে পাঠকরা লাইনে দাঁড়িয়ে মেলায় ঢুকছেন। বাংলা একাডেমিতে একটি ফটক রয়েছে। সেখানেও লাইন ধরে মেলায় ঢুকছে মানুষ। পুলিশ সদস্যরা সবাইকে তল্লাশি করছেন।
