তুরস্কে ভূমিকম্প : ১জনকে জীবিত ও ৩ মরদেহ উদ্ধার করলো বাংলাদেশি দল

তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। এরইমধ্যে উদ্ধারকারী দল ১৭ বছরের এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে। এছাড়াও তিন জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশি উদ্ধারকারী দল।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দলের নেতৃত্বে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। এরইমধ্যে উদ্ধারকারী দল ১৭ বছর বয়সী এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে। এছাড়াও তিন জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশি উদ্ধারকারী দল।

তুরস্কে উদ্ধারকাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল সেনাবাহিনীর উদ্ধারকারী দলের অংশ নিয়েছে। তারা ২৪ ঘণ্টার ফ্লাইট শেষে আদানা বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তারা বাসে করে ৩৫০ কিলোমিটার দূরে আদিয়ামানে যায়। আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করেছে।

এর আগে সাতদিনের টার্গেটে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের ১২ জনসহ মোট ৬০ জনের একটি উদ্ধারকারী দল সি-১৩০ বিমানে করে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়।