ওয়ালটন বিশেষ শিশু-কিশোরদের শীতকালীন ক্রীড়া উৎসব সোমবার শুরু

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিএলসি)-এর পৃষ্ঠপোষকতায় ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) ব্যবস্থাপনায় আগামী সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে ওয়ালটন বিশেষ শিশু-কিশোরদের শীতকালীন ক্রীড়া উৎসব-২০২৩। ৫০টি ক্যাটাগোরিতে তিন শতাধিক বিশেষ শিশু-কিশোরদের নিয়ে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা মঙ্গলবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

তার আগে আজ সোমবার (০৬ ফেব্রুয়ারি) এই প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস মার্কেটিং) সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ এবং জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আক্তারসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের এই শীতকালীন ক্রীড়া উৎসবে বিভিন্ন প্রতিবন্ধী সংস্থা, সংগঠন ও স্কুলের তিন শতাধিক শিশু-কিশোর অংশ নিবে। সাধারণত প্যারা অলিম্পিকে যে সকল ডিসিপ্লিন থাকে সেসব ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে মোট ৫০টি ক্যাটাগোরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শেষ দিন হবে আকর্ষণীয় ফুটবল ম্যাচ।

প্রতিটি ক্যাটাগোরির বিজয়ীদের মেডেল দেওয়া হবে। এছাড়া দলগত চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, আমরা ওয়ালটন পরিবার গেল এক দশক ধরে এনএএসপিডি এর সঙ্গে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের বিশেষ শিশু-কিশোরদের জন্য কাজ করছি। তারই ধারাবাহিকতায় এবারও যথারীতি তাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। ওয়ালটন পরিবার সব সময় এই বিশেষ শ্রেণির শিশু-কিশোরদের নিয়ে কাজ করতে চায়। আমরা বিশ্বাস করি আমাদের এই বিশেষ শিশুরা নানারকম সুযোগ-সুবিধা পেলে তারাও অনেক বড় হতে পারবে।

ড. সেলিনা আক্তার বলেন, এ ধরণের পিছিয়ে পড়া অসহায় প্রতিবন্ধী শিশুদের জন্য এগিয়ে আসা খুবই প্রয়োজন। ওয়ালটন গ্রুপ এক দশক ধরে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই কাজে এগিয়ে এসেছে। সে জন্য তাদের ধন্যবাদ জানাই। ওয়ালটনের মতো অন্যান্য প্রতিষ্ঠানেরও উচিত এসব শিশুদের পাশে দাঁড়ানো।

এই প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও এটিএন নিউজ। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।