নির্বাচন ছাড়া দেশের ক্ষমতা পরিবর্তন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপিকে নির্বাচনে আসা উচিত। তারা যদি নির্বাচন বর্জন করে এটা তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচন ছাড়া এ দেশের ক্ষমতা পরিবর্তন হবে না।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সুপার কার্যালয়ে ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জ’ এর উদ্বোধনকালে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণও মনে করে ভোট ছাড়া এ দেশের শাসনভার নেয়ার কোন উপায় নেই। সরকার বিএনপি’র কোন অনুষ্ঠানে বাধা দিচ্ছে না। তারা বিশাল বিশাল অনুষ্ঠান করছে। প্রত্যেকটা জেলায় তারা অনুষ্ঠান করছে প্রত্যেকটা বিভাগে তারা সমাবেশ করছে। মানুষের রাস্তাঘাট বন্ধ করে এখন তারা আবার পদযাত্রা শুরু করেছেন। সেটিও আমরা অনুমতি দিয়েছি।

তিনি বলেন, আপনাদের যে রাজনৈতিক কর্মকান্ড সেটা আপনারা করবেন। মানুষের কোন অসুবিধা সৃষ্টি করবেন না। কিন্তু ধ্বংসযজ্ঞ করবেন না। অগ্নি সংযোগের চেষ্টা করবেন না। মানুষের স্বাভাবিক যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কাজ।

পুলিমদের উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুলিশ আজ জনগণের বন্ধুতে পরিণত হয়েছে। এবং জনগণের পাশে থেকে তারা জনগণের সেবা করছেন। ধাপে ধাপে সেই সেবা আরও বিস্তৃত করছেন। যাতে করে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে সেই গতি ঠিক রাখতে পারে। মানব সেবায় তারা আর অধিকতরভাবে নিয়োজিত রেখেছেন। বাংলাদেশের মানুষসহ সবাই আজ পুলিশ নিয়ে গর্বিত। বহির্বিশ্বে পুলিশ ভালো কাজ করছেন। দেশের মানুষ একবাক্যে স্বীকার করেন পুলিশ ভালো কাজ করছেন।

হ্যালো পুলিশ মানিকগঞ্জ এর উদ্বোধনকালে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, ইমতিয়াজ মাহবুব, জেলা আ. লীগের সভাপতি এড. গোলাম মহিউদ্দিন, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা আ. লীগের সহ-সভাপতি এড. আব্দুল মজিদ ফটো, যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ উপস্থিত ছিলেন।