
বিভিন্ন সময় ভূয়া র্যাব সদস্য পরিচয়ে ছিনতায়ের ঘটনা ঘটলেও এবার ছিনতায়ে জড়িয়েছেন র্যাবেরই এক সদস্য। মধ্যরাতে রাজধানীর মহাখালী উড়াল সড়কে ফিল্মি কায়দায় ছিনতায়ের চেষ্টার অভিযোগে ওই র্যাব সদস্যসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গত শুক্রবার মধ্যরাতে ছিনতায়ের এ ঘটনা ঘটে। অভিযুক্ত র্যাব সদস্যের নাম আল মোমেন (২৬)। র্যাব-১ এ কর্মরত আছেন তিনি।
গ্রেপ্তারকৃত অপর দুজন হলেন- আরিয়ান আহমেদ জয় ও মো. ফরহাদ হোসেন (২২)। তাদের মধ্যে ফরহাদ ভুক্তভোগীদের ভাড়া করা ওই প্রাইভেটকারের চালক।
এ বিষয়ে বনানী থানার ওসি নুরে আযম মিয়া বলেন, র্যাব সদস্য পরিচয় দিয়ে মহাখালী ফ্লাইওভার থেকে দুই ব্যক্তিকে অপহরণের চেষ্টা করা হয়। এ ঘটনার ভুক্তভোগী শহিদুল ইসলাম নামে একজন বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজনের মধ্যে মুমিনুল নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়েছেন। বাকি দুজনের মধ্যে একজন গাড়িচালক ও অন্যজন মুমিনুলের আত্মীয়। তাদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
গতকাল দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই ব্যক্তি প্রাইভেটকারে করে যাচ্ছিলেন। তারা রাত ২টার দিকে মহাখালী ফ্লাইওভারের মাঝামাঝি পৌঁছায়। এ সময় পেছন থেকে একটি গাড়ি এসে তাদের গতিরোধ করে।
ওই গাড়িতে থাকা চারজন নিজেদের র্যাব সদস্য পরিচয় দেন। প্রাইভেটকারে থাকা দুই ব্যক্তিকে অস্ত্র দেখিয়ে হাতকড়া পরায় তারা। সেখানে তাদের মারধরও করা হয়। র্যাব সদস্য পরিচয় দেওয়া ব্যক্তিদের সন্দেহ হলে ভুক্তভোগীরা চিৎকার শুরু করেন। চিৎকার শোনে পথচারীরা এসে তাদের থামান এবং পুলিশকে খবর দেন।
এরই মধ্যে চক্রটির এক সদস্য পালিয়ে যান। তবে তাদের একজনকে সেখানে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে।
