
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে দেশে আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতোমধ্যেই বাংলাদেশে আসতে রাজি হয়েছে আর্জেন্টিনা—এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
মঙ্গলবার বাফুফে জানায় বুধবার (১৮ জানুয়ারি) আর্জেন্টিনা দল আসার বিষয়ে সংবাদ সম্মেলন হবে। তবে সেই সংবাদ সম্মেলেনের ঘণ্টা তিনেক আগে বাফুফে জানায় অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে সংবাদ সম্মেলন!
পরে আবার জানায়, সংবাদ সম্মেলন পেছালেও আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা প্রক্রিয়াধীন আছে!
মঙ্গলবার হোয়াটসঅ্যাপ বার্তায় বাফুফে লিখেছিল, ‘আগামী জুনে ফিফা উইন্ডোতে বর্তমান ফিফা বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বাংলাদেশ আগমনের বিষয়ে জানানোর জন্য বুধবার দুপুর আড়াইটায় এক প্রেস ব্রিফিং বাফুফে ভবনের তিনতলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। ’
কিন্তু সাড়ে ১১টার দিকে হুট করেই সংবাদ সম্মেলন স্থগিত করে দেওয়ার বার্তা দেয় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
‘আজ দুপুর আড়াইটায় বাফুফের পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণে অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। ’
বাফুফের হোয়াটসঅ্যাপ বার্তায় লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন হতে বর্ণিত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অবহিত করা হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, বর্ণিত বিষয়ে (আর্জেন্টিনার বাংলাদেশে আগমন) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চলমান আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কাম্য। ’
