
রেকর্ড সংখ্যক দলের অংশগ্রহণে আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি, ২০২৩) থেকে শুরু হয়েছে ‘মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০২২’। এবারের মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগে রেকর্ড ৫২টি দল অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ছাড়াও ভারতের ৮ জন খেলোয়াড় বিভিন্ন দলের হয়ে অংশগ্রহণ করেছেন।
মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগের খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং শীর্ষস্থান প্রাপ্ত প্রথম তিনটি দলকে নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থ পুরস্কার, ট্রফি ও মেডেল দেয়া হবে। তার মধ্যে চ্যাম্পিয়ন দল ২৫ হাজার, রানার্স-আপ দল ১৫ হাজার ও তৃতীয় স্থানধারী দল ১০ হাজার টাকা পাবে।
চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল ২০২৩ সালের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে।
দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়া কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিএলসি -এর জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মাহসচিব কে এম শহিদউল্যার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা সংস্থার জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাবউদ্দিন শামীম ও যুগ্ম সম্পাদক আন্তর্জাতিক অর্গানাইজার মাসুদুর রহমান মল্লিক।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি ও আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ।
