
“সাকরাইন দিবস উপলক্ষে শনিবার (১৪ জানুয়ারী) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপসের নির্দেশে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে সবুজবাগ থানার ৪ নং ওয়ার্ডের শহীদ আলাউদ্দিন পার্ক বাসাবোতে উৎসব অনুষ্ঠিত হয়।”
বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী পৌষ মাসের শেষ দিন আজ শনিবার। ঢাকার বাসিন্দারা এই উপলক্ষে পৌষ সংক্রান্তিতে ঘুড়ি উৎসবের আয়োজন করে। উৎসবটি তাদের কাছে সাকরাইন উৎসব নামে পরিচিত।
বিভিন্ন মাঠ ও বাড়ির ছাদ থেকে একসঙ্গে ১০ হাজার ঘুড়ি উড়বে রাজধানীর আকাশে। উৎসবে অংশ নিতে আগ্রহীদের মাঝে এসব ঘুড়ি সরবরাহ করা হবে বলে জানিয়েছে ডিএসসিসি।
৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের সমাজের শিশুরা ঘুড়ি উৎসব সম্বন্ধে জানতে পারবে। বর্তমানে ঘুড়ি সম্পর্কে আমাদের শিশুরা খুব কম পরিচিত। তাই আমি ঐতিহ্যবাহী সাকরাইন (ঘুড়ি উৎসব) এর আয়োজন করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসকে অসংখ্য ধন্যবাদ জানাই।
‘এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি’ স্লোগানে এই উৎসবের আয়োজন করেছে ডিএসসিসির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটি। এই কমিটির পক্ষ থেকে ৭৫টি ওয়ার্ডের সাধারণ আসনের ৭৫ জন কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের ২৫ জন নারী কাউন্সিলরকে ১০০টি করে ঘুড়ি সরবরাহ করা হয়। পরে কাউন্সিলররা সেসব ঘুড়ি সংশ্লিষ্ট ওয়ার্ডের জনসাধারণের মাঝে বিলি করেন।
