কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনি, ২ জনের মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে স্থানীয়দের হাতে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার দাররা ইউনিয়নের পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাররা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের সালাম মিয়ার ছেলে নুর আলম (৩০) ও পালাসুতা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ইসমাইল (৩২)। এ ঘটনায় শাহজাহান নামে আরো একজন গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলার মুরাদনগর উপজেলার দাররা ইউনিয়নের পালাসুতা গ্রামে মাইকে ঘোষণা দেওয়া হয়, গ্রামের আকমত আলীর ছেলে নাবু মিয়ার বাড়িতে ডাকাতি হচ্ছে। এমন ঘোষণায় উত্তেজিত গ্রামবাসী তাদেরকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

গ্রামবাসীদের থেকে জানা যায়, গত সপ্তাহে একই গ্রামের ধনু মিয়ার ছেলে প্রবাসী রিপন মিয়ার বাড়িতে ও কাজিয়াতল গ্রামের বকুল মিয়ার ছেলে রুহুল আমিনের বাড়িতে ডাকাতি হয়। ফলে স্থানীদের মাঝে ডাকাতির আতঙ্ক কাজ করছিল। তাই তারা রাত জেগে পাহারা দিত। হঠাৎ সিকদারবাড়ির মসজিদের মাইকে ঘোষণা আসে যে গ্রামে ডাকাতি হচ্ছে। এতেই গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে হুমড়ি খেয়ে পড়ে। পরে নূর আলম ও ইসমাঈল এবং তাদের সঙ্গে অপরিচিত একজনকে দেখে উত্তেজিত জনতা গণপিটুটি দেয়। গ্রামে তাদেরকে আগে থেকেই সন্দেহের চোখে দেখা হতো বলে জানা গেছে। পিটুনিতে ঘনাস্থলেই জ্ঞান হারায় তারা। খবর পেয়ে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘ডাকাত সন্দেহে গণপিটুনিতে আহত তিনজনকে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করি। ওখানে দুজনের মৃত্যু হয় এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন।’