ওবায়দুল কাদেরের সঙ্গে চীনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

পার্টি টু পার্টি ও দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ-চীনের সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৷

বুধবার (১১ জানুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে চীনের কমিউনিস্ট পার্টির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল।

রাজধানীর সেতুভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ৷ এ সময় ওবায়দুল কাদের বাংলাদেশ-চীনের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্র এ বিষয়টির গুরুত্বের কথা তুলে ধরেন ৷

মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সেন জোওর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশে পদ্মাসেতু, বঙ্গবন্ধু কর্ণফুলী ট্যানেল, বাস রাপিড ট্রানজিট- বিআরটি নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে চীনের অবদানের কথা তুলে ধরেন।

পার্টি টু পার্টি ও দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় তৃতীয় বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানায় চীনের প্রতিনিধি দল।