প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ২০২২ সালে যত অর্জন

প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো দায়িত্ব পালন করছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তাঁর শাসনামলে যুগান্তকারী অনেক অর্জন বাংলাদেশের। এর ফলে বাংলাদেশ আজ বিশ্বসভায় নিজেকে প্রতিষ্ঠা করেছে সক্ষম রাষ্ট্রের মূর্ত প্রতীক হিসেবে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা।

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন শেখ হাসিনা। তাঁর শাসনামলে বাংলাদেশের অনেক অর্জনের মধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু এখানে তুলে ধরা হলো।

২০২২ সাল দেশের সক্ষমতা অবকাঠামোগত উৎকর্ষের জানান দেয়ার সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন। সমালোচনা, প্রাকৃতিক প্রতিকূলতা পেছনে ফেলে গত জুনে রাজধানী ঢাকাকে দক্ষিণের ২১ জেলার সঙ্গে সংযোগকারী সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জলের পাশাপাশি স্থলেও অবকাঠামো গড়ে ইতিহাস সৃষ্টির বছর ২০২২। এইতো গত সপ্তাহেই বাংলাদেশ-জাপান যৌথ প্রচেষ্টায় ঢাকায় ঘুরেছে মেট্রোরেলের চাকা। প্রাথমিকভাবে যা চলছে উত্তরা-আগারগাঁও রুটে। রাজধানীবাসীর আশা দীর্ঘমেয়াদে যানজট মুক্তির স্মারক হয়ে ডানা মেলবে এই বাহন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ। গতিশীল নেতৃত্ব আর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়ন সূচকে বিগত দুই দশকের অগ্রগতি অভূতপূর্ব। এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়ন, দারিদ্র্যের হার হ্রাস, নেতৃত্ব ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, গড় আয়ু বৃদ্ধি, শিশু মৃত্যু ও মাতৃ মৃত্যু হার হ্রাস, শিক্ষায় লিঙ্গ সমতা অর্জন, খাদ্য উৎপাদন বৃদ্ধি, রফতানিমুখী শিল্পায়ন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে পোশাক শিল্প, ওষুধ শিল্প, রফতানি আয় বৃদ্ধিসহ নানান অর্থনৈতিক সূচক বৃদ্ধি- শেখ হাসিনার দূরদৃষ্টি ও পরিশ্রমেরই ফসল।

বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি, একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পন্ন করা, সংবিধান সংশোধনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি এবং সমুদ্রে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে ব্লু ইকোনমির নতুন দিগন্ত উন্মোচন, ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি বাস্তবায়ন ও ছিটমহল বিনিময়, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ জয়, সাবমেরিন যুগে বাংলাদেশের প্রবেশ—এতসব অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলেই হয়েছে।

অর্জনের তালিকায় আরো আছে —নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নতুন নতুন উড়াল সেতু, মহাসড়কগুলো ফোর লেনে উন্নীত করা, এলএনজি টার্মিনাল স্থাপন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে উন্নীত, দারিদ্র্যের হার হ্রাস, মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছর ৪ মাসে উন্নীত, যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন, সাক্ষরতার হার ৭৫.৬০ শতাংশে উন্নীত করা।

বছরের প্রথম দিনে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই পৌঁছে দেওয়া, মাদ্রাসা শিক্ষাকে মূলধারার শিক্ষার সাথে সম্পৃক্ত করা ও স্বীকৃতি দান, মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রত্যেকটি জেলায় একটি করে সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ, নারী নীতি প্রণয়ন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, ফাইভ-জি মোবাইল প্রযুক্তির ব্যবহার চালুসহ অসংখ্য ক্ষেত্রে কালোত্তীর্ণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।