স্মারক নোট ও ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মেট্রোরেলের ছবি সংবলিত স্মারক ডাকটিকিট ও ৫০ টাকার স্মারক নোট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২৯ ডিসেম্বর থেকে স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে স্মারক ডাকটিকিট ও স্মারক নোটের উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের উদ্বোধন করেন। তারপর টিকিট কেটে প্রথম যাত্রী হিসেবে রাজধানীর দিয়াবাড়ী থেকে আগারগাঁও আসেন শেখ হাসিনা।

এদিন বেলা সাড়ে ১২টার দিকে মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের মাঠে আয়োজিত সুধী সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে সুধী সমাবেশের মঞ্চে আসন গ্রহণ করেন তিনি।

বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে মুদ্রিত ৫০ টাকা মূল্যমান স্মারক নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য হলো―বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত ১৩০ মিমি x ৬০ মিমি পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বাম পাশে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে মেট্রোরেলের ছবি সংযোজন করা হয়েছে। নোটের অপর পাশে মেট্রোরেলের আরেকটি ছবি সংযোজন করা হয়েছে। নোটের সম্মুখভাগে শিরোনাম ‘বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ, যানজট কমাবে মেট্রোরেল’ এবং অন্য পাশে ‘Moving People, Saving Time and Environment’ মুদ্রিত রয়েছে।

নোটের সম্মুখভাগে উপরে ডান এবং বাম কোনায় স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘50’, নিচে ডান কোনে মূল্যমান বাংলায় ‘৫০’ এবং উপরিভাগে মাঝখানে ‘পঞ্চাশ টাকা’ লেখা রয়েছে। নোটের পেছন ভাগে উপরে বাম কোনে ইংরেজিতে ‘50’ এবং নিচে বাম কোনে বাংলায় ‘৫০’ লেখা রয়েছে। এছাড়া নোটের উপরে ডান কোনে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং নিচে ডানপাশে ‘FIFTY TAKA’ ও ডানপাশে ‘BANGLADESH BANK’ লেখা রয়েছে।

১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত ৫০ টাকা মূল্যমান স্মারক নোটটির সম্মুখভাগে প্রধানমন্ত্রীর প্রতিকৃতির ডানে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে এবং নোটের ডান দিকে জলছাপ হিসেবে ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’, ‘50’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত রয়েছে। নোটের উভয় পৃষ্ঠে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে।

৫০ টাকা অভিহিত মূল্যের স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সংবলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধু খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা মাত্র এবং ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।