কাভার্ডভ্যানের ধাক্কায় ২ ভাইয়ের প্রাণ গেলো

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮) ও আফতাব হোসেনের ছেলে সোহাগ মিয়া (১৭)। তারা আপন চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, সোহাগ ও শুভ মোটরসাইকেলে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছালে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুই জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূইয়া বলেন, ‘মাধবপুরে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। আমরা এ বিষয়ে কাজ করছি।’