আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্মেলনস্থলে প্রবেশের পর জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সময় দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সময় প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় পরিবেশন করা হয় জাতীয় সংগীত।

জাতীয় সংগীত এর পরপরই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির প্রতীক পায়রা এবং রঙিন বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর পরপরই তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে নৌকা আকৃতির মঞ্চে তার নির্ধারিত আসনে গিয়ে বসেন। নিজের আসনে বসার আগে তিনি মঞ্চে উঠে হাত উচিয়ে সবাইকে অভিবাদন জানান। এসময় শ্লোগানে সম্মেলনস্থল মুখরিত হয়ে ওঠে। এর আগেই কেন্দ্রীয় নেতারা সম্মেলন মঞ্চে তাদের নির্ধারিত আসনে বসেছিলেন।