
গোল-পাল্টা গোলের ম্যাচ। কিলিয়ান এমবাপ্পের কাছে তিন গোল হজম করলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। হাত ফসকে যেতে বসেছিল বিশ্বকাপ ট্রফি। ৩-৩ স্কোরে ম্যাচ গড়ালো টাইব্রেকারে। সব চাপ পড়লো তার ওপর।
নেদারল্যান্ডসকে কোয়ার্টার ফাইনালে দুটি সেভে টাইব্রেকার জয়ের নায়ক আবারও ত্রাতার ভূমিকায়। প্রথম শটে এমবাপ্পের কাছে ফের পরাস্ত হলেও কিংসলে কোম্যানকে ঠেকালেন, ম্যাচের মোড় গেলো ঘুরে। এরপর গোলবারের পাশ দিয়ে মারলেন শুয়ামেনি। ব্যস, ৪-২ গোলে জিতে ৩৬ বছরের অপেক্ষার অবসান। ম্যাচ শেষে মার্তিনেজ হু হু করে কাঁদলেন, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার খুশি ঝরছিল আনন্দ অশ্রু হয়ে।
ম্যাচ শেষে মার্তিনেজ বললেন, ‘এই খেলায় আমরা ভুগেছি। দুটি শট, তারা (ফ্রান্স) সমতায় ফিরলো। তারা আবার পেনাল্টি পেলো, গোল করলো। ঈশ্বরকে ধন্যবাদ যে আমি আমার কাজ করেছি, যেটার স্বপ্ন দেখতাম।’
দুই গোলে এগিয়ে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন হতে আর ১০ মিনিট বাকি। নিকোলাস ওটামেন্ডি বক্সের মধ্যে মুয়ানিকে করে বসলেন ফাউল। পেনাল্টির বাঁশি বাজলো। কিলিয়ান এমবাপ্পে নিতে এলেন শট। গতিপথ বুঝতে পেরে ডানদিকেই ঝাঁপিয়ে পড়লেন, তার হাতে ছুঁয়ে জাল কাঁপলো। পরের মিনিটে এমবাপ্পের আরেকটি দুর্দান্ত গোল। ২-২ এ স্কোর থেকে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। ১১৮তম মিনিটে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। এবার কোনও পাত্তাই পাননি মার্তিনেজ।
পেনাল্টিতে নির্ভার থাকার কথা বললেন তিনি, ‘আমি এমন বিশ্বকাপের স্বপ্ন দেখিনি। আমি পেনাল্টি শুটআউটের সময় শান্ত ছিলাম।’
