লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে দুরন্ত বিপ্লবের মৃত্যু, গ্রেপ্তার ৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক জিএস দুরন্ত বিপ্লবের মৃত্যুর ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরা একটি লঞ্চের চালক ও টেকনিশিয়ান।

রোববার (২০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশের লাল বাগ জোনের উপপুলিশ কমিশনার মশিউর রহমান।

তিনি বলেন, শনিবার (১৯ নভেম্বর) গোয়েন্দা পুলিশের লালবাগ জোনের একটি দল কেরানীগঞ্জ এলাকা থেকে হাফেজ মো. সাইদুর রহমান (১ম মাস্টার), আলামিন (২য় মাস্টার), মো. মাসুদ রানা (ইঞ্জিন ড্রাইভার), ইমন হোসেন (২য় ইঞ্জিন ড্রাইভার), সুকানি মো. সালমান ও সুপারভাইজার ইব্রাহীম খলিল। তদন্তকালে ঢাকা মহানগরী এবং কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় ধারাবাহিক অভিযান চালিয়ে এই ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, দুরন্ত বিপ্লব তার কর্মচারী হেলালকে সাথে নিয়ে ঘটনার দিন বিকেল পৌনে ৫ টার দিকে কুরিয়ার সার্ভিসবয় গোলাম রাব্বানীর কাছে কিছু পাট সবজির প্যাকেট হস্তান্তর করেন। এরপর বিকেল ৫ টা ৫৫ মিনিটে নুর ফিলিং স্টেশনের কাছাকাছি রাস্তায় একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। অটো ড্রাইভার বিল্লালের ভাষ্য, সন্ধ্যার দিকে বিপ্লবকে জিনজিরা ঘাটে নিয়ে যাওয়া হয়।

মশিউর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল মুভমেন্ট বিশ্লেষণ করে গোয়েন্দা পুলিশ নিশ্চিত হয়, জিনজিরাঘাট ও কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকার নদীর পাড় এলাকাতে বিপ্লবের সর্বশেষ অবস্থান ছিলো। এখানে অবস্থান করে তার নৌকা মাঝ নদীতে আসলে ঢাকা-মাওয়া রুটের মর্নিং সান-৫ লঞ্চ তার নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকা ক্ষতিগ্রস্ত হয়ে তলিয়ে যায়। যাত্রীরা পানিতে নিমজ্জিত হয়। কিছুক্ষণের মধ্যে অন্য নৌকা এসে কয়েকজনকে উদ্ধার করতে পারলেও একজন ডুবে যায়। ডুবে যাওয়া যাত্রীই নিহত দুরন্ত বিপ্লব বলে জানা যায়।

উল্লেখ্য, ৭ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যিালয়ের সাবেক ছাত্র এবং ছাত্রলীগের জিএস দুরন্ত বিপ্লব ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কোনাখোলা এলাকা থেকেে জিনজিরা-সোয়ারিঘাট হয়ে ঢাকায় আসার পথে নিখোঁজ হন। পাঁচ দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন রাতে মরদেহটি নিখোঁজ দুরন্ত বিপ্লবের বলে নিশ্চিত করেন তার আত্মীয়-স্বজন। নিখোঁজ থাকার পর প্রথমে একটি সাধারণ ডায়েরি করেন এবং মৃত্যুর পর নিয়মিত মামলা করা হয়।