চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ইউএনও মোহাম্মদ শাহাদাত হোসেন

দেশবাংলা ডেস্ক :

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে চট্টগ্রাম জেলা বাছাই কমিটি জেলার শ্রেষ্ঠ ইউএনও, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, প্রাথমিক বিদ্যালয়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, শ্রেষ্ঠ কাব শিকসহ ২১টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করে।

রবিবার (২ অক্টোবর) চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে ঘোষণা করা হয়।

২০২১ সালের ৯জুন (বুধবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহাদাত হোসেন সীতাকুণ্ড উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেন।

যোগদানের পর থেকে তিনি শিক্ষাক্ষেত্রে অনেক কাজ করেছেন। বিশেষ করে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর নিয়ে সরকারের মহাপরিকল্পনার কাজে বেশ সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরোচ্ছোফা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার দিক নির্দেশনা ও মাননীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানসহ সব ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, অভাবকবৃন্দ ও এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগীদের সহায়তায় এই সম্মান অর্জন করা সম্ভব হয়েছে। এটি আমার নয় পুরো সীতাকুণ্ডবাসীর অর্জন। প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন ২০৪১ বাস্তবায়নে প্রাথমিক শিক্ষার কোন বিকল্প নাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘কাজের স্বীকৃতি পেলে দায়িত্ব আরও বেড়ে যায়। জাতির উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নাই। প্রাথমিকে শিকড় মজবুত হলে ভবিষ্যতে শিক্ষার্থীদের বেগ পেতে হয়না।” গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।’

তিনি আরও বলেন, নিঃসন্দেহে যে কোনো পুরস্কারপ্রাপ্তি আনন্দের। সেই সাথে দায়িত্ববোধ বেড়ে যাওয়ারও একটা বিষয় থাকে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে যাব সীতাকুণ্ডবাসীর সেবা করতে।