
খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেন, আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার আগে সাংবাদিকরা সত্য কথা লিখতে পারতেন না। লিখলেই সাংবাদিকদের ওপর নেমে আসত নির্যাতন-নিপীড়ন, এমনকি হত্যাকাণ্ডও। আজ সেই দিন নেই। বাংলাদেশে এখন অনেক সংবাদ মাধ্যম রয়েছে। অনেক টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল প্রকাশিত হচ্ছে। এখন সব সংবাদপত্র এবং সাংবাদিক মুক্তভাবে লিখতে পারেন। শুধু সাংবাদিকরা নন। দেশের মানুষও এখন স্বাধীন। এমন স্বাধীনতা আর অন্যকোনো সরকারের আমলে হয়নি। এটা কেবল মাত্র সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।
তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার মফস্বল সাংবাদিকদেরকেও আমি বলি, আপনারা স্বাধীনভাবে সত্য ও বস্তুনিষ্ঠ লেখা লিখতে পারেন। সেই লেখা যার বিরুদ্ধেই হোক। এমনকি আমার চলার পথেও কোনো ভুল বা দুর্নীতি থাকলে তাও প্রকাশ করবেন।
এমপি বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ, সমাজের বিবেক, সে অনুযায়ী তাদের তথ্যগুলো সংগ্রহ করতে হবে বস্তুনিষ্ঠভাবে এবং তা জনগনের মধ্যে পৌঁছে দিতে হবে। নীতি এবং নৈতিকতার জায়গা থেকে সাংবাদিক পেশার মর্যাদা সমুন্নত রাখতে হবে।
আজ রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ‘সাগর-রুনী মিলনায়তনে’ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের আইডি কার্ড হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফির সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব সহ ‘ডিআরইউ’ এর আরো সদস্য বৃন্দ।
