সংক্রমণ বাড়ছে, শিগগির বুস্টার ডোজ নিন: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ বাড়ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা এখনও বুস্টার ডোজ নেননি, শিগগির নিয়ে নিন। কারণ করোনা কিছুটা হলেও বাড়তি আমাদের দেশে। আশপাশের দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সচিবালয়ে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন ওষুধ শিল্প সমিতির সঙ্গে সভা শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্যের কোনো বিষয় চাপিয়ে দেওয়ার নয়। এটা স্বাধীন দেশ সব নাগরিকের স্বাধীন চিন্তা-ভাবনা রয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তাদের অবহিত করা। টিকা নিলে কী সুবিধা না নিলে কী অসুবিধা- এ বিষয়গুলো আমরা তুলে ধরি। বাকি সিদ্ধান্ত যার যার, এখানে চাপিয়ে দেওয়ার কিছু নেই। আমরা চাপিয়ে দিতে পারবও না। আমরা অবশ্য আবারও বলবো, যারা এখনও বুস্টার ডোজ নেননি অবশ্যই নেবেন। বুস্টার ডোজ নিলে আপনি সুরক্ষিত থাকবেন।

মন্ত্রী বলেন, বুস্টার ডোজ যারা নিয়েছেন তাদের মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে। তাই আমরা আহ্বান করবো, যারা এখনও বুস্টার ডোজ নেননি, অতি শিগগির নিয়ে নিন।