ভোটের পরিস্থিতি স্বাভাবিক: রিটার্নিং কর্মকর্তা

প্রার্থী ও ভোটারদের সঙ্গে করা বলেছি। সার্বিক পরিস্থিতি ঠিক আছে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরী।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় নগরীর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি স্কুল কেন্দ্র ভোট পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইভিএম পদ্ধতিতে ভোট দিতে গিয়ে যাদের আঙ্গুলের ছাপ মিলছে না, তারাও ভোট দিতে পারবেন বলে জানান তিনি।

শায়েদুন্নবী চৌধুরী বলেন, যাদের ফিঙ্গার মিলছে না। তারাও ভোট দিতে পারবে। তবে সেটি কীভাবে এই সম্পূরক প্রশ্নের উত্তর দেননি রিটার্নিং কর্মকর্তা। তিনি বলেন দেখেন।

অপর এর প্রশ্নের জবাবে তিনি বলেন, বুথ কমিয়ে দেওয়া কখনোই সম্ভব না। কমানো কোনোভাবেই সম্ভব না। কিছু কিছু স্কুল-কলেজ খুব ছোট। বাধ্য হয়ে আমাদের এক রুমে দুইটা বুথ করতে হয়েছে।

ইভিএম মেশিনের ত্রুটি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইভিএমগুলোতে ছোটখাটো সমস্যা থাকলে, লোক আছে, তারা সমাধান করে দিবে।’

সকাল ৮টায় দেশের বহুল প্রতীক্ষিত এ সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মোট ভোটার রয়েছেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।