
জায়েদ খান ও ওমর সানির ঘটনায় কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে চলচ্চিত্রপাড়ায়। জায়েদ খানের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র সমিতিতে লিখিত অভিযোগও দায়ের করেছেন ইলিয়াস কাঞ্চন। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে শিল্পী সমিতি কী পদক্ষেপ গ্রহণ করবে তা নিয়েও চলছে আলোচনা। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি নন সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। একইসঙ্গে চলচ্চিত্রকর্মী ও শিল্পীদের সংযত হওয়ার অনুরোধ করেছেন তিনি।
মঙ্গলবার (১৪ জুন) রাতে নতুন চলচ্চিত্র ‘তালাশ’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই শিল্পীদের প্রতি এমন অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না। শুধু একটা কথাই বলব, সমস্ত চলচ্চিত্র কর্মী ও শিল্পীদের কাছে আমার অনুরোধ, চলাফেরা, কথাবার্তা ও আচার-আচরণে আপনারা সংযত হোন।
গত শুক্রবার অভিনেতা-প্রযোজক ডিপজলের ছেলের বিয়েতে ওমর সানী চড় মারেন জায়েদ খানকে। জায়েদ খানও পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেন। এমনটাই জানিয়েছেন ওমর সানী। চড় মারার কারণ হিসেবে সানী দাবি করেন, গত চার মাস ধরে জায়েদ মৌসুমীকে ডিস্টার্ব ও অসম্মান করছে। তবে ওমর সানীর এমন দাবির পরিপ্রেক্ষিতে জায়েদ খান বলেন, পুরো ঘটনা মিথ্যা এবং বানোয়াট। রোববার শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দায়ের করেন ওমর সানী। লিখিত অভিযোগ দায়ের করার পর অডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মৌসুমী। এরপর ঘটনা মোড় নিয়েছে অন্যদিকে।
