খাবারের জন্য হাহাকার হবে না: কৃষিমন্ত্রী

বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন বিদেশ থেকে যদি খাবার নাও আসে, আমাদের এখানে দুর্ভিক্ষ হবে না। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে শুক্রবার (১০ জুন) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন ইতোমধ্যে আমাদের বিজ্ঞানীরা এমন কতগুলো জাত আবিষ্কার করেছেন, যার মাধ্যমে আমাদের উচ্চ ফলনশীল ধান হচ্ছে। আমরা ১৫ টাকা কেজিতে আড়াই কোটি মানুষকে খাবার দেবো। গরিব মানুষকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। পুষ্টির ওপর গুরুত্ব দিচ্ছি। চালের ওপর চাপ কমিয়ে পুষ্টি গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছি।

আব্দুর রাজ্জাক বলেন  চালের দাম বেড়েছে। কেননা, আমাদের বেশিরভাগের মধ্যে চিকন চাল খাওয়ার প্রবণতা বেড়েছে। মোটা চালের দাম কিন্তু ৪৩-৪৬ টাকার মধ্যে রয়েছে।

মন্ত্রী বলেন দেশের ৬০-৭০ ভাগ মানুষ গ্রামে বাস করে। এই বিপুল সংখ্যক মানুষকে সরকার নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে পটাশিয়াম সারের যে দাম, তার চার ভাগের একভাগ দামে এখানে পটাশিয়াম কেনা যায়। ডিএপির দামও আন্তর্জাতিক বাজারে বেশি। এগুলোতে অনেক বেশি ভর্তুকি দিতে হচ্ছে। এগুলো কিন্তু গ্রামের চাষিরা পাচ্ছে। ডিলারের মাধ্যমে দেওয়া হয়। এগুলো না দিলে উৎপাদন কমে যেতো। অবস্থা অনেক খারাপ হতো।