
আমি বিশ্বাস করি, আমরা রাজনৈতিক দলগুলো একজোট হয়ে কাজ করলে আমরা অবশ্যই এই দুঃশাসনকে পরাজিত করে জনগণের বিজয় অর্জন করতে সক্ষম হবো।মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মানুষ দেখতে চায় যে, আজকে বিরোধী রাজনৈতিক দলগুলো রাজপথে ঐক্যবদ্ধ আছে। মানুষ দেখতে চায় এই দুঃশাসন থেকে রেহাই পাবার জন্য বিরোধী দলগুলোকে জনগণের পক্ষে একটা কার্যকর-সমন্বিতভাবে যুগপৎ ধারায় মাঠের একটা কার্যকর ঐক্যে।
ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, আজকের আলোচনায় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই যুগপৎ ধারায় আন্দোলনের ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে। ভবিষ্যতে এটাকে আমরা আরেও জোরদার করবো এবং আন্দোলনের কাজটাকে আমরা আরও সমন্বিত করবো।
বাম ঘরনার এই নেতা বলেন, ‘আমরা মনে করি, আন্দোলনের মধ্য দিয়ে, গণআন্দোলন ও গণসংগ্রামের মধ্য দিয়ে এই সরকারকে যদি পদত্যাগে বাধ্য করা না যায়, মানুষের ভোটের অধিকার বলি, গণতান্ত্রিক অধিকার বলি, অথবা একটা তদারকির সরকার, অবাধ গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন অথবা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ কোনোটাই বাংলাদেশে নিশ্চিত করা যাবে না। সেই কারণের জন্য আমরা আলাপ-আলোচনা করে আন্দোলনে ঐকমত্য হয়েছি।’
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, দেশবাসীকে আমরা আহ্বান জানাতে চাই, আজকে বিরোধী দলগুলো যে উদ্যোগ নিয়েছে মানুষ তার নিজ নিজ জায়গা থেকে এই উদ্যোগের পাশে দাঁড়াবেন এবং তারা আন্দোলনের সঙ্গী হবেন। যুগপৎ আন্দোলন অর্থ বিএনপি-বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জোটবদ্ধ হয়ে আন্দোলন করবে না, তবে একই লক্ষ্য অর্জনে তারা কর্মসূচি আলাদাভাবে পালন করলেও তাতে সমন্বয় থাকবে।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘যে সমস্ত সংস্কারের কথাগুলো সাইফুল হক সাহেব বলেছেন, আমরাও যে সমস্ত কথা বলছি। এই সব সংস্কার নিয়ে এ বিষয়ে আমরা আরও বিশদ আলোচনা করবো এবং অতি অল্প সময়ের মধ্যে এ ব্যাপারেও যৌথভাবে আমাদের বক্তব্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো।’
বুধবার বেলা দেড়টার দিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়া প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলটির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছান আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক।
উভয় দলের মধ্যে সোয়া একটা থেকে পৌনে দুই ঘণ্টা পর্যন্ত সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপের পর দুই দলের প্রধান সাংবাদিকদের কাছে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন।
