৫ ক্যাটাগরিতে ১১ সাংবাদিক পেয়েছেন বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১

দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, আগামী বছর ২৫ জন অনুসন্ধানী সাংবাদিককে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হবে। আর তাদের প্রত্যেককে দেওয়া হবে ১০ লাখ টাকা। প্রতিবছরই এই আয়োজন করবে বসুন্ধরা গ্রুপ।

৫ ক্যাটাগরিতে ১১ সাংবাদিক পেয়েছেন বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোমবার (৩০ মে) রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ আয়োজক কমিটির আহ্বায়ক সায়েম সোবহান আনভীর, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম ও অ্যাওয়ার্ড জুরিবোর্ডের প্রধান অধ্যাপক গোলাম রহমান।

পুরস্কার পেয়েছেন যারা

মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি কাউসার সোহেলী, ডেইলি স্টারের রিপোর্টার আহমেদ ইশতিয়াক, জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সালাহ উদ্দিন জসীম, অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাজহারুল ইসলাম, অপরাধ ও দুর্নীতি ক্যাটাগরিতে দেশ রূপান্তরের হবিগঞ্জ জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরী, জিটিভির স্টাফ রিপোর্টার জান্নাতুল ফেরদৌসী, নিউজ-বাংলা টোয়েন্টিফোর ডটকমের ফ্রিল্যান্সার জেসমিন পাপড়ি, নারী ও শিশু ক্যাটাগরিতে সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব আহাম্মদ, আনন্দ টিভির রিপোর্টার শওকত সাগর, ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আদনান রহমান, আলোকচিত্র ক্যাটাগরিতে প্রথম আলোর স্টাফ ফটোসাংবাদিক দীপু মালাকার পুরস্কার পেয়েছেন।এছাড়াও ৬৪ জেলার নির্বাচিত প্রবীণ সাংবাদিক দের সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সমাজকে সঠিকভাবে প্রবাহিত করার ক্ষেত্রে সাংবাদিকরা যে ভূমিকা পালন করতে পারে অন্য কোনও পেশার মানুষ তা পারে না। গণমাধ্যমের বিকাশের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

এক পরিসংখ্যান তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমানে দৈনিক পত্রিকার সংখ্যা প্রায় সাড়ে ১২শ, ৩৮টি টেলিভিশন সম্প্রচার রয়েছে। আরও কয়েকটি আসার অপেক্ষায় রয়েছে। অনলাইন গণমাধ্যম কতগুলো রয়েছে তা পরীক্ষা-নিরীক্ষার বিষয়। যখন দরখাস্ত আহ্বান করা হয়েছিল তখন ৫ হাজার দরখাস্ত জমা পড়েছে।

হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের চাকরির নিশ্চয়তার জন্য আমরা গণমাধ্যম আইন করা হয়েছে। সেই আইনে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। সেটি সংশোধন করে যখন পাস হবে তখন সব ক্ষেত্রে সাংবাদিকদের চাকরির নিশ্চয়তার বিধান হবে।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তার বক্তব্যে বলেন, প্রয়োজনে আরো স্ট্রং জুরি বোর্ড গঠন করা হবে। সাংবাদিকদের মানোন্নয়নের সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। বসুন্ধরা গ্রুপ গণমাধ্যমের উদ্যোগ গ্রহণের পর সাংবাদিকের মান উন্নয়ন হয়েছে।

তিনি সাংবাদিকদের আহ্বান জানিয়ে বলেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো কিছু লেখার আগে আরো বেশি সত্যতা যাচাই করবেন। একজন ব্যবসায়ী এই পর্যায়ে আসতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। ভালোকে ভালো বলুন, খারাপকে খারাপ বলতে হবে।