সাইদীকে ছাড়াতে গিয়ে মহানগর দক্ষিণ ছাত্রলীগের সেক্রেটারি গ্রেফতার

স্বরাষ্ট্রমন্ত্রীর নামে চাঁদাবাজি করে র‌্যাবের হাতে ধরা পড়েছিলেন ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন সাইদী। পরে তাকে র‌্যাবের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সেক্রেটারি মো. জুবায়ের আহমেদও গ্রেফতার হন।

বৃহস্পতিবার (১৯ মে) এ ঘটনায় রাজধানীর সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। জুবায়ের ও সাইদী সবুজবাগ থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। তাদেরকে আগামীকাল (২০ মে) আদালতে হাজির করা হবে।

সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল বাশার জানিয়েছেন, গত বুধবার দিনগত রাতে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মো. জুবায়ের আহমেদ সাইদীকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

জানা যায়, র‌্যাব-৩ অভিযোগ পায় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করতেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাইদী। পরে তাকে গ্রেফতার করা হলে ছাড়িয়ে আনতে শতাধিক মোটরসাইকেলসহ দলবল নিয়ে র‌্যাবের মুখোমুখি হন জুবায়ের ও তার নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা র‍্যাবের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। জুবায়ের ও নেতাকর্মীরা র‍্যাবের সঙ্গে খারাপ আচরণ করলে র‍্যাব তাকেও আটক করে নিয়ে যায়। এরপর মামলা দায়ের করে সবুজবাগ থানা পুলিশের কাছে জুবায়েরকে হস্তান্তর করে র‍্যাব।

ঘটনার বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায় রাজধানীর সবুজবাগ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে কিছু লোক চাঁদাবাজি করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৩ এর গোয়েন্দা দল অনুসন্ধানে নেমে ঘটনার প্রাথমিক সত্যতা পায়। পরে গতকাল বৃহস্পতিবার ভোররাতে মাদারটেক সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন সাইদীকে (২৪) গ্রেফতার করে। অভিযানে তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ৫৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদী নিজেই স্বীকার করেছে। এছাড়াও সে তার সহযোগীদের নিয়ে অস্ত্রসহ মহড়া দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও ত্রাস সৃষ্টি করে আসছিল। অভিযান শেষে গ্রেফতারকৃত সাইদীকে নিয়ে র‌্যাবের আভিযানিক দল রাস্তায় বের হলে মো. জোবায়ের আহাম্মেদের (২৯) নেতৃত্বে প্রায় ২০০ জন লোক গ্রেফতারকৃত সাইদীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা র‌্যাবের উপর সশস্ত্র আক্রমণ করে। তখন র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে ও সরকারি দায়িত্ব পালনের জন্য এই অবৈধ জনতার নেতৃত্বদানকারী মো. জোবায়ের আহাম্মেদকে সবুজবাগের উত্তর মাদারটেক এলাকা থেকে গ্রেফতার করে এবং জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় জনতার আক্রমনে র‌্যাবের ২ সদস্য আহত হয়েছেন। আহত র‌্যাব সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।