রাজধানীর কদমতলীতে রোলার কোস্টার থেকে পড়ে কিশোরের মৃত্যু

রাজধানীর কদমতলী থানা এলাকার বিআইডব্লিউটিএর আওতাধীন শ্যামপুর ইকোপার্কের রোলার কোস্টার থেকে ছিটকে পড়ে মো. রাব্বি (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে ঈদ উপলক্ষে ঘোরাঘুরি করতে রাব্বি তার পরিবার ও বন্ধুদের সঙ্গে বের হয়েছিল। ঘোরাঘুরির একপর্যায়ে তারা কদমতলীতে অবস্থিত শ্যামপুর ইকোপার্কে যায়। সেখানে রাব্বি রোলার কোস্টারে ওঠে। রাইড চলার এক পর্যায়ে সে রোলার কোস্টার থেকে নিচে পড়ে যায়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয় রাব্বি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সঙ্গে রাজধানীর গেন্ডারিয়ায় থাকত রাব্বি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত এটি একটি দুর্ঘটনাই মনে হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।