
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে এবারের ঈদযাত্রায় থাকছে ৮৭টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট। এছাড়া ঈদের সময় মোট ১০টি ফেরি এই নৌরুটে যানবাহন পারাপার করবে বলে জানা গেছে।
ঈদকে সামনে রেখে নৌযানগুলো সর্বশেষ পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাধারণ মেরামত সম্পন্ন হয়েছে বলে ঘাট সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, ঈদের আগেই সবগুলো লঞ্চের রুট পারমিট, সার্ভে সনদসহ টুকটাক মেরামত সম্পন্ন করেছে মালিকপক্ষ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম নৌরুট মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া। এই বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট হয়ে ঈদ মৌসুমে দৈনিক লক্ষাধিক মানুষ পারাপার হন। ঈদের আগে ঘরে ফেরা এবং ঈদ শেষে কর্মস্থলে যোগ দেওয়া মানুষের ঢল নামে এই দুই ঘাটে।
অধিক যাত্রীদের চাপে এসময় শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। স্পিডবোটসহ নৌযানে শুরু হয় বাড়তি ভাড়ার উৎসব! এছাড়া ধারণ ক্ষমতার কয়েকগুণ অধিক যাত্রী পারাপার করা হয়। সব মিলিয়ে এক দুর্ভোগের ঈদযাত্রায় পরিণত হয় এই নৌরুট।
এদিকে, গত এক বছর ধরে এই রুটে ফেরি চলছে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে। কখনো দীর্ঘদিন ফেরি বন্ধ আবার, কখনো কিছু সময় চলাচলসহ সীমিত সংখ্যক ফেরি শুধু দিনের বেলায় চলছে। আর বন্ধ রাখা হয়েছে ভারী যানবাহন চলাচল। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাত্র ৫/৬ টি ফেরি দিয়ে নৌরুট সচল রাখাকে এক ধরণের প্রহসনও বলছেন এই রুট ব্যবহারকারীরা। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও পদ্মা পার হতে না পারার যন্ত্রণার অভিজ্ঞতা রয়েছে যানবাহনের চালকদের। আসন্ন ঈদেও ফেরিতে বড় ধরনের দুর্ভোগের শঙ্কা করছেন চালকরা।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ঈদের চাপ মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে। ৮৭টি লঞ্চ চলবে নৌরুটে। যেহেতু ঝড়ের মৌসুম, সেক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেই লঞ্চ চলাচল করবে। ধারণক্ষমতার বাইরে কোনো যাত্রী বহন করা হবে না। আবহাওয়া বৈরী হয়ে উঠলেই আমরা নৌযান চলাচল বন্ধ রাখি। আশা করি ঈদে যাত্রীরা নির্বিঘ্নে পারাপার হতে পারবেন।
