ইভ্যালির চেয়ারম্যান-এমডির মুক্তির দাবিতে মানববন্ধন

প্রতারণার মামলায় গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তিসহ সাত দফা দাবিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে মানববন্ধন করছেন গ্রাহকরা।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ ই-কমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন শুরু করেন তারা। বেলা ১১টার দিকে পুলিশ এসে তাদের সরিয়ে দেন।

এই সাতদফা দাবি হলো:

১. ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে মুক্তি দিতে হবে।
২. রাসেলকে নজরদারিতে রেখে ব্যবসা করার সুযোগ দিতে হবে।
৩. এসক্রো সিস্টেম চালু হওয়ার আগে অর্ডার করা পণ্য ডেলিভারি দিতে কমপক্ষে ছয় মাস সময় দিতে হবে।
৪. বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ই-পেমেন্ট, পেমেন্ট গেটওয়ে, মার্চেন্ট এবং ভোক্তাদের প্রতিনিধির সমন্বয়ে কমিটি গঠন করতে হবে।
৫. করোনাকালে বিভিন্ন খাতের মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে প্রণোদনা দিতে হবে।
৬. ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে ব্যাংক গ্যারান্টিসহ বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স দিতে হবে।
৭. ই-কমার্স বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত, যেখানে হাজার হাজার উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এবং লাখ লাখ কর্মসংস্থান হচ্ছে। তাই এই সেক্টরকে সরকারিভাবে সুরক্ষা দিতে হবে।