যে প্রত্যাশা নিয়ে উজবেকিস্তান যাচ্ছেন সাবিনারা

স্পোর্টস ডেস্ক :

এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে জাতীয় নারী ফুটবল দল ৬ সেপ্টেম্বর উজবেকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। তবে সাবিনা খাতুনরা সরাসরি উজবেকিস্তান যাচ্ছেন না। তার আগে নেপালে খেলবেন দুটি প্রস্তুতি ম্যাচ। কাঠমান্ডুতে ৯ ও ১২ সেপ্টেম্বর ম্যাচ খেলে সেখান থেকে ১৪ সেপ্টেম্বর রওয়ানা দেবেন উজবেকিজস্তানে।

আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ নারী ফুটবলের বাছাইয়ে বাংলাদেশ খেলবে ‘জি’ গ্রুপে। প্রতিপক্ষ জর্ডান ও ইরান। ম্যাচ দুটি হবে ১৯ সেপ্টেম্বর জর্ডানের বিপক্ষে এবং ২২ সেপ্টেম্বর ইরানের বিপক্ষে।

নেপাল ও উজবেকিস্তান সফর উপলক্ষ্যে মঙ্গলবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আমাদের দুই প্রতিপক্ষ জর্ডান ও ইরান শক্তিশালী। র্যাংকিংসহ সব দিক দিয়ে এগিয়ে তারা। তবে লিগ শেষ হওয়ার পর থেকে মেয়েরা কঠোর অনুশীলন করছে। এখন তারা ভালো একটা অবস্থানে রয়েছে। আশা করি, আমাদের মেয়েরা ভালো কিছু করবে সেখানে।’

অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, ‘আমরা উজবেকিস্তান যাওয়ার আগে নেপালে দুটি প্রস্তুতি ম্যাচ খেলব। এই প্রীতি ম্যাচ দুটো খেললে বুঝতে পারব আমরা কোন অবস্থানে আছি। এই ধরনের প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে প্রস্তুতি ম্যাচগুলো গুরুত্বপূর্ণ।’

বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘আগামী বছর অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপের বাছাইয়ের খেলা হচ্ছে ৮ গ্রুপে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল উঠবে চূড়ান্ত পর্বে। গত আসরের চ্যাম্পিয়ন, রানার্সআপ, তৃতীয় দল এবং স্বাগতিক ভারতকে নিয়ে হবে চূড়ান্ত পর্ব।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, দলনেতা ও বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী, ম্যানেজার আমিরুল ইসলাম বাবুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।