
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল সাড়ে ১০ টার দিকে হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছেন তিনি।
এর আগে শুক্রবার ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে নরেন্দ্র মোদির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার বিষয়টি একটি টুইটে জানানো হয়।
ভারতের প্রধানমন্ত্রী প্লেনের সিঁড়িতে দাঁড়িয়ে আছেন- এমন একটি ছবি শেয়ার করে টুইট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ঢাকার উদ্দেশে প্লেনে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সফরকালে তিনি আমাদের বন্ধু প্রতিবেশীর সঙ্গে আরও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বিস্তৃত কর্মসূচিতে অংশ নেবেন।
নিজের দ্বিতীয় বাংলাদেশ সফরের আগে বৃহস্পতিবার নিজের উচ্ছ্বাস প্রকাশ করে দুটি টুইট করেছেন মোদি। তিনি বলেন, আমাদের প্রতিবেশী আগে নীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্ব। এই সম্পর্ক আরও গভীর এবং বৈচিত্র্যপূর্ণ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আমরা বাংলাদেশের চমকপ্রদ উন্নয়নযাত্রাকে সমর্থন করি।
উল্লেখ্য, গেলো বছরের মার্চ মাসে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে মোদির আসার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে সেই সফর স্থগিত হয়। তবে এ বছর বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উদযাপনে বাংলাদেশে আসছেন মোদি। এই বছর বাংলাদেশ-ভারত বন্ধুত্বেরও ৫০ বছরপূর্তি হচ্ছে। তাই মোদির এ সফর বিশেষ তাৎপর্য বহন করছে।
