
বাঙালি জাতি ইতিহাসের এক অবিসংবাদিত নেতার জন্মের জন্য হাজার বছর অধীর আগ্রহে অপেক্ষা করছিল। অবশেষে বড় দুঃখী এই বাংলায় ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্ম নিল মুক্তিকামী মানুষের মহান নেতা, বঞ্চিত মানুষের শান্তির আশ্রয়, স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি -জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে হয়ত আজকের বাংলাদেশের জন্ম হতো না। আজ তাঁর শততম জন্মবার্ষিকী। জাতির জনকের জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
ঐতিহাসিক এইদিনে বাঙালি জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী কাব্যময় অনবদ্য স্বাধীনতার ভাষণ। কাজী নজরুল ইসলাম যেমন তার ‘ধুমকেতুর পথে’ উল্লেখ করেছেন ভারত উপমহাদেশের এক বিন্দু জায়গাও বৃটিশ শাসনের অধীনে থাকবে না, তেমনি বঙ্গবন্ধু তাঁর ভাষণে উল্লেখ করেছেন ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
বঙ্গবন্ধুর সংগ্রাম ছিল শোষণের বিরুদ্ধে, নিষ্পেষণের বিরুদ্ধে, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে। ঘোষখোর, দুর্নীতিবাজ, মুনাফাখোর, চোরাকারবারী ও লুন্ঠনকারীদের প্রতি তাঁর ছিল ধিক্কার ও আমৃত্যু সংগ্রাম। যাদের হাত আছে তবে কাজ নেই, মুখ আছে তবে খাবার নেই, দেহ আছে তবে পরিধেয় বস্ত্র নেই তাদের প্রতি বঙ্গবন্ধুর ছিল গভীর ভালবাসা। বঙ্গবন্ধুর সংগ্রাম ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। তাঁর সংগ্রামের প্রেরণা ছিল মানুষের মমত্ববোধ।
তিনি বলতেন, আমি সবকিছু ত্যাগ করতে পারি কিন্তু বাংলার মানুষের ভালোবাসা কখনোই ত্যাগ করতে পারি না। তাই তিনি কারাগারের অন্ধপ্রকোষ্ঠে বসে বলেছিলেন, তোমরা যদি আমাকে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে দাও তবে আমার লাশটা বাংলার মাটিতে আমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছিয়ে দিও। বঙ্গবন্ধু বাংলার মানুষকে এত ভালবাসতেন বলেই আজ তার জন্মের একশত বছর পর বাঙালি জাতি তার ভালোবাসার ঋণ শোধ করতে প্রস্তুত হচ্ছে। চারদিকে ধ্বনিত হচ্ছে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’
বঙ্গবন্ধু ছিলেন একজন ক্যারিশমেটিক নেতা। ভারতের মনিপুর রাজ্যের সাবেক গভর্নর ঝারখান্দ ভেদ মারওয়া সাংবাদিকদের সাথে এক স্মৃতিচারণ সভায় জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজিব গান্ধী এবং তার দেখা অনেক বিশ্ব নেতাদের মধ্যে বঙ্গবন্ধুকেই সবচেয়ে বেশী ক্যারিশমেটিক ব্যক্তিত্ব বলে অভিহিত করেছেন। দক্ষিন আফ্রিকার নেলসন মেন্ডেলা, মার্কিন যুক্করাষ্ট্রের মার্টিন লুথার কিং সহ সারা দুনিয়ায় হাজার বছরে হাতে গোনা অল্প কয়েকজন ক্যারিশমেটিক নেতার জন্ম হয়েছে। এদের সকলেই বঞ্চনার বিরুদ্ধে দুর্নিবার সংগ্রাম করেছেন; বরণ করেছেন দীর্ঘ কারাজীবন। মানুষ তার যৌবন বয়সে স্ত্রীর সান্নিধ্যে কাটাতে চায়, ছেলেমেয়েদেরকে ভালোবাসায় আগলে রাখতে চায়।
অথচ বঙ্গবন্ধু তার জীবনের যৌবন কাটিয়েছেন কারাগারের অন্ধকারে কিন্তু অন্যায়-অত্যাচার, শোষনের কাছে মাথা নত করেন নি। রক্তের সমুদ্র দিয়ে সৃষ্টি করেছেন বাঙালি জাতির মুক্তির ইতিহাস; এ মুক্তি সাংস্কৃতিক মুক্তি, এ মুক্তি অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি। মুক্তির এই চিরন্তন মিছিলে আমাদের সবাইকে আজ শামিল হতে হবে – জন্মশতবাষির্কীতে এটাই হোক আমাদের শপথ।
বঙ্গবন্ধু শিশুদেরকে ভালোবাসতেন বলে ১৭ মার্চ দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে । তিনি ছিলেন মানবিক গুনাবলীসম্পন্ন একজন আদর্শ বাঙালি ও রাজনীতিতে আদর্শ ও মূল্যবোধের চর্চায় এক অসাধারণ ব্যক্তিত্ব। তাই তিনি বলেছিলেন অযোগ্য ও নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের নিয়ে একসাথে কাজ করলে দেশের সেবার চেয়ে দেশের ও জনগনের সর্বনাশই বেশী হয়। তিনি মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করতে চেয়েছিলেন। ধর্মীয় উম্মাদনা তিনি কখনোই পছন্দ করতেন না। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। বঙ্গবন্ধু বলতেন যার মনের মধ্যে আছে সাম্প্রদায়িকতা সে হলো পশুর সমতুল্য। তিনি ছিলেন বিশ্ব শান্তির এক বিমূর্ত প্রতীক। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের প্রতিটি অধ্যাযে তাঁর অনুপ্রেরণার উৎস ছিলেন সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিব।
বঙ্গবন্ধু সমাজের পরগাছাকে উৎপাটন করে সোনার মানুষ তৈরী করতে চেয়েছিলেন। আমলা সৃষ্টি না করে মানুষ তৈরী করতে চেয়েছিলেন। শোষক তৈরী না করে শোষিতের সাহায্যকারী বড় মনের মানুষ সৃষ্টি করতে চেয়েছেন। তিনি বিশ্বাস করতেন সোনার দেশ তৈরী করতে হলে ভাল আদর্শের মানুষ তৈরী করতে হবে। তাই সবাই সোনার মানুষ হয়ে মুজিববর্ষে আমরা সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হই।
