বঙ্গবন্ধুর সঙ্গে বাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল : ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আমার বাবার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমি সর্বদা গর্ববোধ করি, আজ থেকে ৫০ বছর আগে বিশ্বের অল্প যে ক’টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল তার মধ্যে কানাডা একটি।

বুধবার (১৭ মার্চ) বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনের অনুষ্ঠানমালা শুরু হয়। এসময় এক ভিডিও বার্তায় এসব কথা জানান জাস্টিন ট্রুডো।

কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ যে উন্নতি করেছে তা প্রশংসার দাবিদার। আগামীতেও বাংলাদেশের অগ্রযাত্রায় কানাডা সবসময় পাশে থাকবে। এছাড়াও ট্রুডো ভিডিও বার্তায় ১৯৮৩ সালে বাংলাদেশ সফরের মধুর স্মৃতিচারণ করেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।