টানা তিনদিনের ছুটিতে বান্দরবান ও কক্সবাজারে পর্যটকদের ঢল

দেশবাংলা ডেস্ক

তিনদিন টানা সরকারি ছুটিতে পর্যটকের ঢল নেমেছে পর্যটন জেলা বান্দরবানে। জেলার অন্যতম পর্যটন স্পট ও দর্শনীয় স্থানগুলোতে এখন পর্যটকের উপচেপড়া ভিড়। এক সপ্তাহ আগে থেকে বান্দরবানের হোটেল-মোটেল বুকিং হয়ে যায়। লম্বা সরকারি ছুটিতে যান্ত্রিক জীবনের একটু ক্লান্তি দূর করতে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কার মধ্যেও বিনোদনের খোঁজে মানুষ ছুটে আসছেন পাহাড়ের মনোরম প্রাকৃতিক লীলাভুমি বান্দরবান। বান্দরবানে পর্যটকদের জন্য বিনোদনের জন্য রয়েছে মেঘলা, প্রান্তিকলেক, নীলগীরী, নাফাখুম, রুমা রিঝুকঝনা, শৈলপ্রভাত, চিম্বুকসহ জেলার বিভিন্ন স্থানে অসংখ্য পর্যটন স্পট। টানা ছুটি ছাড়াও গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ছয় ঋতুর সব সময় বান্দরবানের বিনোদন কেন্দ্রে মানুষের আগমন ঘটে। তবে করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে বিশেষ দিন ছাড়া বান্দরবানে তেমন পর্যটকের আনোগোণা দেখা যায় না। শুক্রবার-শনি-রবিবার টানা তিনদিন সরকারি ছুটি থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকের ঢল নেমেছে।

এদিকে বেড়াতে আসা পর্যটকরা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ পাহাড়! আমাদের খুবই পছন্দ হয়েছে বান্দরবান। এখানে পাহাড়, সবুজ মাঠ, বিভিন্ন প্রজাতির গাছ, মেঘ সব কিছুই অসাধারণ। তবে বান্দরবানে প্রবেশের পর কোথায় ঘুরবো, কিভাবে যাবো বা সুযোগ সুবিধা নিয়ে কোন পরামর্শ বা দিকনির্দেশনার অভাবে পর্যটকদের সমস্যায় পড়তে হচ্ছে। তারা মনে করেন, পরিবহণ ব্যবস্থাসহ বিভিন্ন পর্যটন স্পটগুলোকে আরও ঢেলে সাজানো গেলে প্রচুর দেশি-বিদেশি পর্যটক আসবে। এতে পার্বত্যাঞ্চলের পর্যটন খাতে অর্থনৈতিক পরিবর্তন ঘটবে। বান্দরবানের নীলাচল, নিলগীরি ও মেঘলা পর্যটনের ঝুলন্ত ব্রীজ এবং পাহাড়ী ঝর্ণা ও উঁচুনিচু পাহাড়ের মেঘে ঢাকা সত্যিই অসাধারণ। পাহাড়ি জেলায় উপভোগ করে অনেক তৃপ্ত পাওয়া যায়।

বান্দরবান হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ বলেন, তিন দিনের ছুটিতে বান্দরবানে বেশ পর্যটকের সমাগম হয়েছে, বেশিরভাগ হোটেল-মোটেল বুকিং হয়ে গেছে। জেলা শহরে হোটেল-মোটেলের রুম না পেয়ে অনেক পর্যটক বান্দরবানের বিভিন্ন উপজেলায় ঘুরতে চলে যাচ্ছেন।

তিনি আরো বলেন, বান্দরবান জেলায় ৬০টি হোটেল-মোটেল রয়েছে আর পর্যটকবাহী যান রয়েছে প্রায় চার শতাধিক এবং এই পর্যটন শিল্পের সঙ্গে জড়িত জেলার প্রায় ২০ হাজার মানুষ।

জেলা পুলিশ সুপার জেরিন আখতার বলেন, বান্দরবানে বেড়াতে আসা পর্যটকরা স্বাচ্ছন্দ্য ঘুরতে পারবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সার্বক্ষণিক মোতায়েন রাখা হয়। নিরাপত্তার কোনও সমস্যা নেই এবং কোনও পর্যটক যদি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা চায় তাও ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন,২১ ফেব্রুয়ারি ছুটি ঘিরে বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে প্রচুর পর্যটক সমাগম হয়েছে এবং বান্দরবান জেলা পুলিশ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সবসময় কাজ করে যাচ্ছে।

টানা তিনদিনের ছুটিতে কক্সবাজারে এসেছেন কয়েক লাখ পর্যটক। সংশ্লিষ্টরা বলছেন, বেশ কয়েকদিন আগে থেকেই আগাম বুকিং হয়ে আছে সাড়ে ৪ শতাধিক হোটেল-মোটেল-রিসোর্টের সবগুলোই। এসব হোটেল-রিসোর্টে দেড় লাখ মানুষের রাত যাপনের সুযোগ থাকলেও বাকি পর্যটকরা রাতে কোথায় থাকবেন তা নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট ও জেলা পুলিশের টিম। মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশও। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সিসিটিভির আওতায় আনা হয়েছে পর্যটন স্পটগুলো। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে দ্রুত সাধারণ চিকিৎসা ও খাবার পানির ব্যবস্থা রয়েছে সৈকতে।

কলাতলীর মোহাম্মদীয়া গেস্ট হাউজের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘হোটেল-মোটেলে যে পরিমাণ ধারণ ক্ষমতা, তার চেয়ে লোকসমাগম অনেক বেশি বলে মনে হচ্ছে। রুম বুকিং করে যারা এসেছেন, তারা ছাড়া বাকিরা ভোগান্তিতে পড়তে পারেন। কারণ দেড় লক্ষাধিক মানুষের থাকার ব্যবস্থা থাকলেও কক্সবাজারে ৪-৫ লাখ পর্যটকের আগমন হয়েছে বলে মনে হচ্ছে।’

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় সবসময় সর্তকাবস্থায় রয়েছে পুলিশ। পর্যটকদের হয়রানি রোধে, পোষাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকে এবং পর্যটক বেশেও পুলিশের নারী সদস্যরা সৈকতে ঘুরে বেড়াচ্ছেন।’