
রাজধানীর মুগদায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. হাসান (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মান্ডার লেক তুষার গলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভাঁড়ারা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। বর্তমানে মান্দার বাড়ির ভাড়া বাসায় থাকতো। সে মতিঝিলের একটি প্রেসের কর্মচারী ছিল।
নিহতের বড় ভাই হাবিব জানান, মুগদার মান্ডা এলাকায় ব্যান্ডেজ গ্রুপের সাগর, টগর, বেলাল, চাঁদমণি, সাগরসহ ১০/১২ জন হাসানের ওপর এ হামলা চালায়। পরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় বেলাল (১৮) নামের একজনকে হাসপাতালের ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
