সেন্টমার্টিনকে মারাত্মক পরিবেশ ঝুঁকি থেকে রক্ষায় ১৪টি বিধিনিষেধ আরোপ

পর্যটকদের মন টানে সেন্টমার্টিন দ্বীপ। বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় একমাত্র প্রবালসমৃদ্ধ এই দ্বীপে পর্যটকদের বেপরোয়াভাবে চলাফেরার জন্য মারাত্মক হুমকির মুখে পড়েছে দ্বীপটির পরিবেশ ও জৈববৈচিত্র। প্রতিদিন অনিয়ন্ত্রিত ও বেপরোয়াভাবে যাতায়াত, অপরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ ও পর্যটকদের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য দ্বীপটির পরিবেশ ও জীব-বৈচিত্ররূপ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশ অধিদপ্তর।

সাম্প্রতিক সময়গুলো পর্যটকদের কাছে টানার প্রাকৃতিক অপার সৌন্দর্য্যের এই দ্বীপটির পরিবেশ ক্রমেই অবনতি হচ্ছে। যে কারণে দ্বীপের প্রবাল, শৈবাল, সামুদ্রিক কাছিম, লাল কাঁকড়া, শামুক, ঝিনুকসহ নানা জলজ প্রাণী এবং জীব-বৈচিত্র্য ক্রমেই বিলুপ্তির পথে। দ্বীপটির সৌন্দর্য রক্ষায় ১৪টি বিধি নিষেধ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর।

দ্বীপটিকে টিকিয়ে রাখার জন্য পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণের জন্য বিধি নিষেধ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর। বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদন থেকে বিধি নিষেধগুলো তুলে ধরা হলো নিচে-

১. দ্বীপের চারপাশে নৌ ভ্রমণ করা।
২. জোয়ার ভাটা এলাকায় পাথরের ওপর সকলের হাঁটা চলা।
৩. দ্বীপে ভূগর্ভস্থ সুপেয় পানি সীমিত বিধায়, পানির অপচয় করা।
৪. দ্বীপের সৈকত, নাফ নদী বা সমুদ্রতে সকল প্রকার প্লাস্টিক বর্জ্য ফেলা।
৫. জাহাজ থেকে পাখিদের চিপস ও অন্যান্য কোনো খাবার খাওয়ানো।
৬. দ্বীপের প্রতিবেশের জন্য ক্ষতিকর কোনো কার্যক্রম গ্রহণ করা।
৭. সংরক্ষণের উদ্দেশ্যে সরকার কর্তৃক অধিগ্রহণকৃত ছেঁড়াদিয়া দ্বীপ ভ্রমণ।
৮. ছেঁড়া দ্বীপে স্পিডবোট, কান্ট্রি বোট, ট্রলার বা অন্যান্য কোনো জলযান যাতায়াত এবং নোঙর করা।
৯. সৈকতে মাইক বাজানো, হৈ-চৈ বা উচ্চস্বরে গান-বাজনা করা এবং বার-বি-কিউ পার্টি করা।
১০. সমুদ্রে রাতের বেলা কোনো প্রকার আলো বা আগুন জ্বালানো, আতশবাজি এবং ফানুশ ওড়ানো।
১১. পশ্চিম পাশের সৈকতে কোনাপাড়ার পর দক্ষিণ দিকে এবং পূর্ব পাশের সৈকতে গলাচিপার পর দক্ষিণ দিকে পরিভ্রমণ।
১২. সামুদ্রিক কাছিমের ডিম পাড়ার স্থানে চলাফেরা, সৈকতে রাতে আলো জ্বালানো এবং ফ্ল্যাশ লাইট ব্যবহার করে ছবি তোলা।
১৩. দ্বীপের সৈকতে মোটরসাইকেলের মতো যান্ত্রিক বাহন থেকে শুরু করে সাইকেল, ভ্যান, রিকশার মতো অযান্ত্রিক বাহন চালানো।
১৪. প্রবাল, শামুক, ঝিনুক, সামুদ্রিক কাছিম, পাখি, তারা মাছ, রাজ কাঁকড়া, সামুদ্রিক ঘাস, সামুদ্রিক শৈবাল এবং কেয়া ফল সংগ্রহ ও ক্রয়-বিক্রয়।

শুধু আইন প্রয়োগ নয়, পর্যটকদের সচেতন করা তোলার জন্য এরকম প্রচারকে অনেক গুরুত্বও দিচ্ছে অধিদপ্তরটি।