মুজিববর্ষে প্রথমবারের মতো ডিএসসিসির ৭৫টি ওয়ার্ড মিলে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হচ্ছে

মোঃ রাসেল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র তাপস বলেন, মুজিববর্ষে প্রথমবারের মতো ডিএসসিসি এর ৭৫টি ওয়ার্ড মিলে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। এতে ৬৩টি ফুটবল এবং ৬৪টি দল ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। ঢাকা দক্ষিণের ১৩টি মাঠে খেলার আয়োজন হবে।

আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-১৪২৭ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, খেলার মাঠ শুধু খেলার জন্যই উন্মুক্ত থাকবে। ঢাকা দক্ষিণের কোনও খেলার মাঠে আর কখনো কোরবানির পশুর হাট বসবে না। এসব মাঠ শুধু শিশু, কিশোর, তরুণসহ সব বয়সীদের খেলার জন্য ব্যবহার করা হবে।

তিনি বলেন, করোনার কারণে আমাদের সন্তানরা দীর্ঘদিন ঘর বন্দি ছিল। আমাদের সন্তানদের আবারো খেলার মাঠ ফিরিয়ে দেব। এ কারণেই আমাদের এই আয়োজন। এখন থেকে প্রতিবছর আমরা এই আয়োজন করব। প্রতিবছর পাঁচটি করে খেলা হবে। এখান থেকেই জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি শুরু হবে।

শেখ তাপস বলেন, ‘এই ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে ওয়ার্ড থেকে খেলোয়াড় তৈরির উদ্যোগের সূচনা হতে যাচ্ছে। ওয়ার্ডভিত্তিক এই আয়োজনের মধ্য দিয়েই জাতীয় পর্যায়ে খেলোয়াড় বের হয়ে আসবে।’

ডিএসসিসি মেয়র বারিস্টার শেখ তাপস বলেন, ‘ঢাকায় ২ কোটি ১০ লাখ মানুষের বাস। কিন্তু সেই অর্থে ঢাকা থেকে খেলোয়াড় বের করা যায়নি। দীর্ঘদিন এ বিষয়ে কোনও পৃষ্ঠপোষকতা ছিল না। আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি। এর ফলে ওয়ার্ডভিত্তিক অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে বলে আমরা আশাবাদী। এখান থেকেই জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি শুরু হবে।’

অনুষ্ঠান শেষে ডিএসসিসি মেয়রকে মধুমতি ব্যাংক এক কোটি টাকার চেক এবং ওরিয়ন গ্রুপ ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করে। পরে লটারির মাধ্যমে ক্রিকেট এবং ফুটবল দলের খেলার সূচি নির্বাচন করা হয়।

আগামী ১০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী এবং একই ভেন্যুতে আগামী ১৫ মার্চ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী ১০ ফেব্রুয়ারি ফুটবল এবং ১৬ ফেব্রুয়ারি ক্রিকেট খেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উভয় খেলার সমাপনী অনুষ্ঠিত হবে ১৫ মার্চ। ফুটবলের উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, পাশাপাশি ক্রিকেটের উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আউটার স্টেডিয়ামে। ক্রিকেট ও ফুটবলে চ্যাম্পিয়ন দলকে পাঁচ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। উভয় ক্ষেত্রে রানার-আপ দল পাবে তিন লাখ টাকা পুরস্কার। এই ক্রীড়া প্রতিযোগিতায় স্পন্সর হিসেবে মধুমতি ব্যাংক লিমিটেড এবং কো-স্পন্সর হিসেবে ওরিয়ন গ্রুপ সহযেগিতা করছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নূরী, দক্ষিণ সিটির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, মধুমতি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজম, সচিব আকরামুজ্জামান, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দসহ ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

আউটার স্টেডিয়াম, ধুপখোলা মাঠ (ইস্টার্ণ ক্লাব), ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠ, বাসাবো আলাউদ্দিন মাঠ, বাসাবো বালুর মাঠ, করিম জুট মিল মাঠে অনুষ্ঠিত হবে ক্রিকেট ম্যাচগুলো। আর ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠ, বাসাবো আলাউদ্দিন মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরী স্কুল মাঠ, কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, মাতুয়াইল মাঠ, ফজলে রাব্বী হল মাঠ এবং মতিঝিল গভর্নমেন্ট বয়েজ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে ফুটবল ম্যাচসমূহ। স্পন্সর হিসেবে প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে মধুমতি ব্যাংক লিমিটেড ও গোল্ড স্পন্সর অরিয়ন গ্রুপ।