করোনায় গত ২৪ ঘণ্টায় ১৭ জন মারা গেছেন, শনাক্ত ৩৬৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬৩ জন।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৬৩ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জন। আরও ১৭ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ১১১ হয়েছে। গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন হয়েছে।

এর আগে শুক্রবার (২৯ জানুয়ারি) দেশে আরও ৪৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৭ জন; যা গত সাড়ে আট মাসের মধ্যে সবচেয়ে কম।

এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ১১১ জনের। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ১৪৩ জন (৭৫ দশমিক ৭৪ শতাংশ) ও নারী ১ হাজার ৯৬৮ জন (২৪ দশমিক শূন্য ২৬ শতাংশ)। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ষাটোর্ধ্ব ১২ জন। বিভাগওয়ারী হিসেবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রামের পাঁচজন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, বরিশালে একজন ও সিলেট বিভাগে দুইজন মারা গেছেন।