সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি আজ

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির অনলাইন লটারি কার্যক্রম আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে এই ভর্তি কার্যক্রমের উদ্বোধন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ তথ্য জানানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা যায়, এবার সারা দেশে সরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য পাঁচ লাখ ৭৩ হাজার ৩১১ জন শিক্ষার্থী আবেদন করেছে।

এর আগে গত ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম নির্ধারণ করা হয়েছিল। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যে বয়সসীমা নির্ধারণ করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় তাতে ১১ বছরের কম বয়সী কোনো শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিল না। এরপর গত ২৯ ডিসেম্বর একজন অভিভাবকের আনা রিট পিটিশনের শুনানি শেষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া ১১ বছর বয়সের শর্ত স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। এ ছাড়া ষষ্ঠ শ্রেণিতে চলতি বছরের ভর্তি কার্যক্রমের সময়সীমা সাত দিন বাড়াতেও আদেশ দেন উচ্চ আদালত।

রায় ঘোষণার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সরকারি স্কুলে ভর্তির জন্য আবদনের সময়সীমা পুনরায় ৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত বাড়ায়।

লটারি যেভাবে হবে

সারাদেশের লটারি সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে হবে। শিক্ষামন্ত্রী উদ্বোধনের পর লটারি শুরু হবে। প্রথমে রাজধানীর স্কুলগুলো এরপর পর্যায়ক্রমে মহানগরী, জেলা ও উপজেলা শহরের সবমিলিয়ে ৩৯০টি স্কুলে লটারি হবে।

লটারির কার্যক্রম অনলাইনে প্রচার করা হবে। এছাড়া স্কুল কর্তৃপক্ষ তার আইডি ও পার্সওয়ার্ড দিয়ে এ লটারি দেখতে পারবে। শিক্ষার্থী, অভিভাবক স্কুলে গিয়ে তা দেখার সুযোগ পাবে।

লটারির ফলাফল তাৎক্ষণিকভাবে টেলিটক ও সফটওয়্যারের মাধ্যমে স্ব স্ব স্কুলের প্রতিষ্ঠানের মেইলে পাঠিয়ে দেবে। নির্ধারিত লিংকে গিয়ে প্রতিষ্ঠান সেটি প্রিন্ট করে স্কুলে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেবে।

এবারও স্কুলগুলোকে তিনটি গুচ্ছ বা গ্রুপ (এ, বি এবং সি) করে ভর্তির কাজটি করা হবে। ভর্তি আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পেরেছে।